‘সৌদি প্রবাসীদের সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে’

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-২৩ , ০৫:৪৯ পিএম

‘সৌদি প্রবাসীদের সোমবার পর্যন্ত অপেক্ষা করতে হবে’

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, সৌদি প্রবাসীদের দেশটিতে ফিরে যেতে চেষ্টা চলছে। টিকিটের চলমান সংকট নিরসন ও প্রবাসীদের ফিরে যেতে সৌদি কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। রবিবারের (২৭ সেপ্টেম্বর) মধ্যে সৌদি কর্তৃপক্ষের জবাব মিলবে। তাই আপডেট জানতে প্রবাসীদের আগামী সোমবার (২৮ সেপ্টেম্বর) পর্যন্ত অপেক্ষা করতে হবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সৌদি প্রবাসীদের ছয় প্রতিনিধির সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এদিন বেলা ১১টার দিকে ইস্কাটনে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ঘেরাও করেন সৌদি প্রবাসীরা। এ সময় তারা মন্ত্রণালয়ের সামনের সড়কে অবস্থান নেন। বেলা একটার দিকে সৌদি প্রবাসীদের ছয় সদস্যের একটি প্রতিনিধিদল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করতে যায়। আলোচনা শেষে বেলা দেড়টার দিকে তারা বাইরে বেরিয়ে আসে।

পরে প্রবাসীকল্যাণমন্ত্রী ইমরান আহমদ সাংবাদিকদের বলেন, সৌদি প্রবাসীদের কাছে সোমবার পর্যন্ত সময় চেয়েছি। এ সময়ের মধ্যে তাদের সমস্যার বিষয়ে আপডেট জানাব। সমস্যা সমাধানের চেষ্টা করছি। আশা করি একটা রেজাল্ট পাওয়া যাবে।

সৌদি আরবে ফেরার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ও ফ্লাইটের দাবিতে বুধবারও বিক্ষোভ করেন সৌদি প্রবাসীরা। রাজধানীর কারওয়ান বাজারে সকাল থেকে দুপুর পর্যন্ত দুই দফা সড়ক অবরোধ করেন তারা। এছাড়া তারা প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ঘেরাও করেন।