কক্সবাজারে ৬০ কোটি টাকার ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক

 কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৮-২৪ , ১১:৩৫ এএম

কক্সবাজারে ৬০ কোটি টাকার ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক ছবি : সিটিজেন নিউজ

বঙ্গোপসাগর থেকে ১৩ লাখ পিস ইয়াবাসহ ২ রোহিঙ্গাকে আটক করেছে র‌্যাব। রোববার (২৩ আগস্ট) বিকাল ৫টায় কক্সবাজার শহর সংলগ্ন মাঝিরঘাট থেকে ইয়াবা চালানসহ তাদের আটক করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব-১৫) একটি অভিযানিক দল।

আটক ইয়াবা কারবারিরা হলেন- কক্সবাজার সদরের ঝিংলজা ইউনিয়নের দক্ষিণ হাজিপাড়ার এলাকার মৃত আবদুল মজিদের পুত্র মো. বিল্লাল (৪৫) ও উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ১৩ এইচ ১৪ ব্লকের বশির আহমদের পুত্র মো. আয়াছ (৩৪)।

র‌্যাবের দাবি, আটককৃতরা মাদক ব্যবসায়ী।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে র‌্যাব-১৫ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক  কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার বলেন, মিয়ানমার থেকে প্রবেশ করে বিপুল পরিমাণ ইয়াবাবাহী একটি মাছ ধরার বোট বৈরি আবহাওয়ার কারণে গভীর সাগর পথ ছেড়ে নদী পথে আসার খবর পায় র‌্যাব। এই খবর পেয়ে টেকনাফেই ওই বোটটিকে র‌্যাব ১৫ এর পরিচালক আজিম আহমেদের নেতৃত্বে একটি দল ধাওয়া করে। এক পর্যায়ে বোটটি কক্সবাজার শহর সংলগ্ন মাঝিরঘাটে নোঙর করে। সেখানেই বোটটি আটক করে র‌্যাব সদস্যরা। বোটে থাকা দুজনকে আটক করে তাদের স্বীকারোক্তি অনুযায়ী বোটের গোপন জায়গায় লোকানো অবস্থায় একটি বিশাল পোটলা উদ্ধার করা হয়। ওই পোটলায় ১৩ লাখ ইয়াবা পাওয়া গেছে।যারা মূল্য প্রায় ৬০ কোটি টাকা।