নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২১-১১-০৭ , ০৭:০২ এএম
ছবি: সিটিজেন নিউজ
হঠাৎ করে গণপরিবহণ ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পর্যটন শহর কক্সবাজারে প্রায় বিশ হাজার পর্যটক আটকা পড়েছেন। এসব পর্যটক গত বৃহস্পতিবার ও শুক্রবার ভোরে কক্সবাজারে বেড়াতে এসেছিল। গণপরিবহন বন্ধ থাকায় যেসব পর্যটক শুক্রবার রাতে কিংবা শনিবার চট্টগ্রাম ও ঢাকায় কিংবা নিজ গন্তব্যে ফিরে যাওয়ার কথা ছিল তারা যেতে পারেননি।
অনেক পর্যটক অতিরিক্ত ভাড়ায় উড়োজাহাজে কক্সবাজার ত্যাগ করেছেন। যাদের সেই সামর্থ্য নেই তারা ছোট যানবাহনে কক্সবাজার ছাড়ার চেষ্টা চালাচ্ছেন। কিন্তু অন্য সময়ের চেয়ে ভাড়া দুই গুণ হওয়ায় তারা কক্সবাজার ত্যাগ করতে পারছেনা।
সপ্তাহিক ছুটির দিন হিসেবে বৃহস্পতি-শুক্র ও শনিবার হাতে রেখে কক্সবাজারে আসেন লাখো পর্যটক। অনেকে পূর্বের নির্ধারিত সময়ানুসারে কক্সবাজার এসেছেন বৃহস্পতিবার। আবার শুক্রবার ভোরেও পৌঁছান অনেকে। যারা শুক্রবার ফিরে যাওয়ার সিডিউলে ছিলেন, তারা এসেছিলেন আরও কয়েকদিন আগে। এ ধরনের পর্যটক বিশ হাজার হবে বলে হোটেল সংশ্লিষ্টরা জানান।
বাস চলাচল বন্ধ থাকায় তারা নির্ধারিত সময়ে কক্সবাজার ছেড়ে যেতে পারেননি।
কক্সবাজারের একজন হোটেল মালিক জানান, পূর্ব থেকে হোটেল রুম বুকিং দিয়ে যাদের শুক্রবার বিকালে পৌঁছানোর কথা ছিল, কিন্তু যানবাহন চলাচল বন্ধ থাকায় কক্সবাজারে ভ্রমণে আসতে পারেননি প্রায় ৩০ হাজার পর্যটক। হঠাৎ দূরপাল্লার বাস বন্ধ হওয়াতে পর্যটকরা বেকাদায় পড়েছেন। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও।
কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ ইসলাম বলেন, পর্যটক আটকা পড়ার বিষয়টি খোঁজ-খবর নেওয়া হচ্ছে। শুক্রবার রাতের অবস্থা দেখে আটকাপড়া পর্যটকদের বিষয়ে প্রশাসনের সহযোগিতা চাইলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, সমুদ্র সৈকত কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটকরাও ভোগান্তির মধ্যে পড়েছেন। পূর্ব ঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ করে দেওয়ায় গতকাল শুক্রবার থেকেই পর্যটকরা বিভিন্ন রেন্ট এ কার প্রতিষ্ঠানের মাধ্যমে মাইক্রোবাস, প্রাইভেটকার কিংবা অটোরিকশাসহ বিভিন্ন মোটরচালিত যানবাহনে করে ভেঙ্গে ভেঙ্গে গন্তব্যে ফেরার চেষ্টা করছেন।
কুয়াকাটার হোটেল মোটেল ব্যবসায়ীরা জানান, শীত শুরু হওয়ায় অনেক পর্যটকরা আগাম বুকিং করলেও বাস চলাচল বন্ধ থাকায় সেসব বুকিং এখন বাতিল করছে। এ কারণে তারা ক্ষতির মুখে পড়েছেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.