দীঘিনালায় সন্ত্রাসীদের গুলিতে গৃহবধূ নিহত

 খাগড়াছড়ি প্রতিনিধি
আপডেট: ২০২০-০৮-১৫ , ০২:১৩ পিএম

দীঘিনালায় সন্ত্রাসীদের গুলিতে গৃহবধূ নিহত ছবি: সিটিজেন নিউজ

খাগড়াছড়ির দীঘিনালায় সন্ত্রাসীদের গুলিতে এক গৃহবধূ নিহত ও তার ১০ বছরের ছেলে আহত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মোর্শেদা বেগম (৪৫) ওই এলাকার বাসিন্দা বাবুছড়া ভূমি রক্ষা কমিটির সভাপতি আব্দুল মালেক এর স্ত্রী। এ ঘটনায় আহত মোর্শেদার ছোট ছেলে মো. আহাদকে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 বিষয়টি নিশ্চিত করে দীঘিনালা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম চন্দ্র দেব শনিবার (১৫ আগস্ট) সকালে সিটিজেন নিউজকে জানান, একদল সন্ত্রাসী আব্দুল মালেকের বাড়ি লক্ষ্য করে ব্রাশফায়ার করলে তার স্ত্রী মোর্শেদা ও তার ছেলে গুলিবিদ্ধ হন। এরপর তাদেরকে উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা মোর্শেদাকে মৃত ঘোষণা করেন। আর মোর্শেদার ছেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনার সময় হতাহতরা সবাই ঘুমিয়ে ছিলেন। বন্দুকধারীরা ফিরে যাওয়ার সময় একই গ্রামের আবুল হোসেনের বাড়িতেও এলোপাতাড়ি গুলি করে বলে জানা গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে এ পুলিশ কর্মকর্তা জানান।