কক্সবাজার সদর থানার ওসি শাহজাহান কবির ক্লোজড

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-১১ , ০৮:৫৩ পিএম

কক্সবাজার সদর থানার ওসি শাহজাহান কবির ক্লোজড ছবি: সিটিজেন নিউজ

কক্সবাজার সদর মডেল থানার ওসি সৈয়দ আবু মো. শাহজাহান কবিরকে ক্লোজড করা হয়েছে।কক্সবাজারের খরুলিয়ায় গণধোলাইয়ের শিকার হয়ে এক ইয়াবা ব্যবসায়ীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তাকে ক্লোজড করে সিলেট রেঞ্জে সংযুক্ত করা হয়েছে।

জানা গেছে, সদর উপজেলার খরুলিয়া বাংলাবাজারের পশ্চিম মুক্তারকুল এলাকার মৃত আব্দুর শুক্কুরের ছেলে নবী হোসেন দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিল। প্রতিবারের মতো সোমবার দুপুরে ইয়াবা বিক্রির সময় তাকে জনতা ধরে বেধড়ক গণধোলাই দেয়া হয়। পরে ঝিলংজা ইউনিয়নের চেয়ারম্যানসহ স্থানীয় লোকজন পুলিশে খবর দেয় এবং পুলিশের হাতে তাকে সোপর্দ করেন। পুলিশ তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়। এক পর্যায়ে ওই দিন বিকালে তার শারীরিক অবস্থা ভালো হলে দায়িত্বরত চিকিৎসক তাকে পুলিশের হাতে তুলে দেন।

এদিকে মঙ্গলবার ভোরে তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে কক্সবাজার সদর হাসপাতালে মারা যায় ইয়াবা ব্যবসায়ী নবী হোসেন।

কক্সবাজার সদর মডেল থানার (সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার আদিবুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ইয়াবা ব্যবসায়ী নবী হোসেনকে জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করার পর তাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে দায়িত্বরত চিকিৎসক নবী হোসেনকে সুস্থ দাবী করে রিলিজ করে দেন। পুনরায় আবার অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। একপর্যায়ে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৮টার দিকে মারা যায়। এ ঘটনায় কক্সবাজার সদর মডেল থানার ওসি সৈয়দ আবু মো. শাহাজান কবিরকে ক্লোজড করে সিলেট বিভাগে সংযুক্ত করা হয়েছে।