সিনহা হত্যার ৭দিনের মাথায়

আরও এক সাবেক সেনা সদস্যকে হত্যা চেষ্টা

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-০৮ , ০১:২৭ পিএম

আরও এক সাবেক সেনা সদস্যকে হত্যা চেষ্টা ছবি: সিটিজেন নিউজ

কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ হত্যার এক সপ্তাহ পর আবারও আরেক সাবেক সেনা কর্মকর্তা নাছির উদ্দিন (৪৫) বেঁচে আসলেন মৃত্যুর মুখ থেকে। তবে ভূমিদস্যুদের ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত হয়েছেন তিনি।

শুক্রবার (৭ আগষ্ট) রাতে কক্সবাজারের পেকুয়ার সদর ইউনিয়নের দক্ষিণ মেহেরনামা বাজারপাড়া গ্রামে ঘটনাটি ঘটে ।

আহত নাছির উদ্দিন একই এলাকার গুলু মিয়ার পুত্র। তিনি সেনাবাহিনীর সাবেক (অব:) সার্জেন্ট ছিলেন।

জানাযায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে পাশের বিলে সেনাবাহিনীর (অব.) সার্জেন্ট নাছিরউদ্দিনের ধানি জমির রোয়া নষ্ট করে জমি জবর দখল করতে যায় দুবৃর্ত্তরা। খবর পেয়ে নাছিরউদ্দিন তার ধানিজমি দেখতে যান। এ সময় ১০/১২জন মিলে ধারালো অস্ত্র নিয়ে তাকে পিটিয়ে ও ছুরি দিয়ে তার বুকে ও হাতে মারাত্মক জখম করে। স্থানীয় লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

আহত নাছিরউদ্দিনের স্ত্রী মর্জিনা ইয়াসমিন জানান, ওই সন্ত্রাসীরা এর আগেও আমার স্বামীর কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন। টাকা দিতে না দিতে পারলে ওই জমি ছেড়ে দেয়ার হুমকি দেয়া হয়।

পেকুয়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল আজম জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, শুক্রবার (৩১ জুলাই) রাত ১০টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান।