চকরিয়ায় বন্দুকযুদ্ধে ৩জন নিহত

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-৩১ , ০৯:৪৯ এএম

চকরিয়ায় বন্দুকযুদ্ধে ৩জন নিহত ছবি: সিটিজেন নিউজ

কক্সবাজারের চকরিয়ায় পুলিশের সাথে ‘গোলাগুলিতে’ ৩ জন নিহত হয়েছে। শুক্রবার (৩১ জালাই) ভোররাত সাড়ে ৩টার দিকে চকরিয়ার বানিয়ারছড়াস্থ পাহাড়ি এলাকা আমতলী গর্জন বাগানে এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি নিহতরা মাদক কারবারি ও সন্ত্রাসী।

চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান জানান,ইয়াবার বড় চালান হাতবদলের সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে মাদক কারবারি-সন্ত্রাসীরা গুলি ছোড়ে। পুলিশ  সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টাগুলি ছুড়লে ঘটনাস্থলে ৩জন গুলিবিদ্ধ হন এবং বাকিরা পালিয়ে যান।গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা গুলিবিদ্ধ ৩ জনকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান,গুলিবিনিময়ের ঘটনায় চকরিয়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান, হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আমিনুল ইসলাম, কনষ্টেবল সাজ্জাদ হোসেন ও মো. সবুজ আহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে ৪৪ হাজার পিস ইয়াবা এবং দেশে তৈরি দুটি আগ্নেয়াস্ত্র, ৭ রাউন্ড গুলি ও ১৫ রাউন্ড ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। এ ঘটনায় হত্যা, অস্ত্র ও মাদক আইনে পৃথক ৩ টি মামলা রুজু করা হচ্ছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।