বান্দরবানে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-৩০ , ০৪:৫৭ পিএম

বান্দরবানে বন্দুকযুদ্ধে ‘মাদক ব্যবসায়ী’ নিহত ছবি: সিটিজেন নিউজ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে শাহ আলম (৪৫) নামে একজন নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) ভোরে আটকের পর ঘুমধুম সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত শাহ আলম একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের চিন মৈত্রী সড়কের পাশের এলাকায় গ্রেফতারকৃত আসামি শাহ আলমকে নিয়ে ইয়াবার চালান উদ্ধারে যায় পুলিশ। এসময় আগে থেকে ওঁৎ পেতে থাকা মাদক চোরাকারবারি চক্রের ১০/১২ সদস্য গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিতে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। পুলিশও পাল্টা গুলি চালালে বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ হয় শাহ আলম। পরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

এসময় পুলিশের দুই সদস্যও গুলিবিদ্ধ হন। তবে তাদের নাম পাওয়া যায়নি। ঘটনাস্থল থেকে পুলিশ ৪০ হাজার ইয়াবা, একটি দেশীয় অস্ত্র এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে।এ ঘটনায় পলাতক আসামিৃদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।