হাতিয়ায় আগ্নেয়াস্ত্র-গুলিসহ জলদস্যু প্রধান গ্রেফতার

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৭-২৯ , ০২:৪৬ পিএম

হাতিয়ায় আগ্নেয়াস্ত্র-গুলিসহ জলদস্যু প্রধান গ্রেফতার ছবি: সিটিজেন নিউজ

নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপ ইউনিয়নে অভিযান চালিয়ে জলদস্যু বাহিনীর প্রধান রাসেলকে (২৮) গ্রেফতার করেছে কোস্টগার্ড। বুধবার (২৯ জুলাই) ভোর পাঁচটার দিকে চৌকিদারখাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে দুটি এলজি, দুটি কার্তুজ ও তিনটি বগিদাসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

রাসেল নিঝুমদ্বীপ ইউনিয়নের আদর্শ গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে।

পুলিশের দাবি, আটক রাসেল জলদস্যু রাসেল বাহিনীর প্রধান।

কোস্টগার্ড হাতিয়া স্টেশান কমান্ডার লে. বিশ্বজিৎ বড়ুয়া জানান, জলদস্যু বাহিনী প্রধান রাসেল তার লোকজন নিয়ে নিঝুমদ্বীপের চৌকিদারখালে মেঘনা নদীতে জেলে নৌকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে তার (লে. বিশ্বজিৎ বড়ুয়া) নেতৃত্বে কোস্টগার্ড অভিযান চালায়। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে রাসেল বাহিনীর সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হলেও ধাওয়া করে পানি থেকে রাসেলকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। রাসেল বাহিনী দীর্ঘদিন যাবত মেঘনা নদীতে মাছ ধরা জেলে নৌকায় ডাকাতি, জেলেদের অপহরণ, চাঁদাবাজি ও খুন করে আসছিল। তার বিরুদ্ধে মামলা দিয়ে হাতিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

হাতিয়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, এই ঘটনায় কোস্টগার্ড বাদী হয়ে রাছেলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত রাছেলের বিরুদ্ধে আগের ৭-৮টি মামলা রয়েছে।