বগুড়ায় পিকআপ চাপায় ৩ জন নিহত

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-২৫ , ০২:৩৬ পিএম

বগুড়ায় পিকআপ চাপায় ৩ জন নিহত ছবি: সিটিজেন নিউজ

রাজশাহীর বগুড়ায় পিকআপ চাপায় ৩ জন নিহত হয়েছেন।শনিবার (২৫ জুলাই) সকাল ৬টার দিকে মাটিডালী এলাকার মজুরের হাটে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

নিহতরা হলেন- বগুড়া সদরের খামারকান্দি গ্রামের কিরাম মণ্ডলের ছেলে রশিদুল ইসলাম (৫০), তেলিহারা গ্রামের মৃত আবু তাহেরের ছেলে আবু জাফর (৪৫) ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার খামার পানগাছি গ্রামের মৃত জালাদু শেখের ছেলে আজগর আলী (৪৫)।

জানা গেছে, মাটিডালী এলাকায় বগুড়া সদর উপজেলা পরিষদের পাশে প্রতিদিন সকালে দিন মজুরের হাট বসে। সেখানে বিভিন্ন এলাকা থেকে কাজের সন্ধানে লোকজন আসেন। শনিবার সকাল সাড়ে ৬টায় শহর থেকে মাটিডালীর দিকে যাচ্ছিল দ্রুতগামী একটি পিকআপ। এ সময় পিকআপটি দিনমজুরের হাটের কিছু লোকজনকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে সেখান থেকে ৬ জনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। অপর আহত ৩ জন সেখানে চিকিৎসাধীন আছেন।

বগুড়া সদর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর জানান, হতাহতরা সকলেই কাজের সন্ধানে মাটিডালী এলাকায় এসেছিলেন। পিকআপসহ চালককে আটক করা সম্ভব হয়নি।