নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২১-১০-৩০ , ০৯:৫৬ পিএম
ছবি: সিটিজেন নিউজ
নওগাঁ পৌরসভার আরজি-নওগাঁ এলাকার শেরপুর মহল্লার একটি পুকুরে গোসল করতে নেমে ডুবে ৬ থেকে ১০ বছর বয়সের ৪ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩০ অক্টোবর) দুপুর ১টার দিকে বাড়ির পাশের একটি পুকুরের এ ঘটনায় মহল্লায় নেমে এসেছে শোকের ছায়া।
মৃতদের মধ্যে সহোদর ভাই-বোনসহ তিন কন্যা ও এক ছেলে সন্তান রয়েছে। এরা হলো- ওই মহল্লার আব্দুস সালাম মন্ডলের মেয়ে খাদিজা খাতুন (৮), আনোয়ার হোসেনের মেয়ে আশা (৮) এবং টুকু মন্ডলের মেয়ে সুরাইয়া আক্তার (১০) ও ছেলে ফরহাদ হোসেন (৬)।
এ ঘটনার পর ওই মহল্লায় শোকের ছায়া নেমে এসেছে। বাড়ি বাড়ি চলছে শোকের মাতম। মৃত শিশুদের পিতা-মাতাসহ অনেক অভিভাবক শোকে অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হৃদয় বিদারক ঘটনাটি শোনার পর মৃত শিশুদের এক নজর দেখার জন্য সেখানে ভীড় করেন হাজার হাজার নারী-পরুষ।
এলাকাবাসীর ভাষ্যমতে, প্রায় একই বয়সের ৬ শিশু খেলাধুলা করে দুপুর ১টার দিকে ওই পুকুরে গোসল করতে নামে। এর মধ্যে ২ শিশু পুকুরপাড়েই কিছুক্ষণ অপেক্ষা করছিল। এরমধ্যে ওই চার শিশু পানিতে তলিয়ে যায়। অপর দুই শিশু ভয়ে নিজ নিজ বাড়ি চলে যায়।
এদিকে দীর্ঘক্ষণ পরেও শিশুরা বাড়িতে না ফেরায় স্বজনরা আশপাশের এলাকা ও প্রতিবেশিদের বাড়িতে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে প্রতিবেশি শিশুদের মাধ্যমে স্বজনরা জানতে পারে, ওই চার শিশু পুকুরে গোসল করতে নেমেছিল। এ খবর পেয়ে স্বজন ও স্থানীয় বাসিন্দারা পুকুরে প্রায় এক ঘণ্টা ধরে খোঁজাখুঁজির পর ওই চার শিশুকে উদ্ধার করে।
তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাদের চারজনকেই মৃত ঘোষণা করেন। পরে স্বজনরা বিকেল সাড়ে ৩টার দিকে শিশুদের লাশ বাড়িতে নিয়ে আসে।
নওগাঁ সদর মডেল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নজরুল ইসলাম জুয়েল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.