চট্টগ্রামে নারী লাশ গোসলে অনন্য ভূমিকা এসআইপিএফ’র

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-১৩ , ১১:৪৮ এএম

চট্টগ্রামে নারী লাশ গোসলে অনন্য ভূমিকা এসআইপিএফ’র ছবি: সিটিজেন নিউজ

করোনাকালে মানবিকতার হাত বাড়িয়েছে দেশের বিভিন্ন সংগঠন-প্রতিষ্ঠান। ব্যক্তি উদ্যোগেও এগিয়ে এসেছেন অনেকে। খাবার বিতরণ, আর্থিক সহায়তা, চিকিৎসাসেবা, লাশ গোসল-দাফন থেকে শুরু করে ব্যবস্থা করেছেন ঔষধপত্রের। ভূমিকা রেখেছেন অনেক সামাজিক কাজেও। সারাদেশের এমন প্রশংসনীয় কর্মকাণ্ডের ন্যায় চট্টগ্রামেও নারী লাশ গোসলে অনন্য ভূমিকা পালন করে আসছে এসআইপিএফ।

জানা যায়, চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় এসআইপিএফ’র উদ্যোগে প্রায় শতাধিক মৃত নারীর গোসল সম্পন্ন করেছেন। গত তিন মাসে এসআইপিএফ’র মুর্দাসেবা প্রকল্পের এই টিমে নিরলস কাজ করে যাচ্ছেন ১৯জন সাহসী সদস্য। করোনাকালে লাশ গোসলে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে এসব সদস্য নিয়েছেন বিশেষ প্রশিক্ষণও।

এসআইপিএফ’র মুর্দাসেবা প্রকল্পের পরিচালক শাহাজাহান সিটিজেন নিউজকে বলেন, ‘চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় মৃত নারীদের গোসলে আমাদের একটি সাহসী স্বেচ্ছাসেবী টিম নিরলস কাজ করে যাচ্ছে। তাদের এ মানবিক পরিশ্রমের কারণ এ পর্যন্ত প্রায় শতাধিক নারী লাশের গোসল সম্পন্ন করেছি আমরা।’

তিনি বলেন, ‘এসব লাশের গোসলে প্রথম দিকে নিজেদের নিরাপত্তায় একটা সঙ্কট থাকলে পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, ‘এখন সময়’ সংগঠন ও পায়েল ফাউন্ডেশনের সহযোগিতায় পিপিই সঙ্কট নিরসন হয়।’ তবে, লাশের গোসল-দাফন সম্পন্ন করতে স্বেচ্ছাসেবীদের যাতায়াত ও খাবার খরচ, কাফনের কাপড়, হ্যান্ডগ্লাবস, স্যানিটাইজার ও মাস্ক সঙ্কট রয়েছে বলে জানান শাহজাহান।

এসআইপিএফ’র মুর্দাসেবা প্রকল্পের চেয়ারম্যান এমআই মারুফ পাটওয়ারী সিটিজেন নিউজকে বলেন, ‘করোনাকালের এই ক্রান্তিলগ্নে যদি সামর্থবানরা এগিয়ে আসে তাহলে আমাদের এ সেবা কার্যক্রম আরও বড় পরিসরে করা সম্ভব হবে।’ তাদের এ প্রকল্পের জন্য রোগী পরিবহনে একটি এ্যাম্বুলেন্সের প্রয়োজনীয়তার কথা জানিয়ে বিত্তবানদের প্রতি একটি বিকাশ নাম্বার (০১৮৩১-০৩২৩৬৬) উল্লেখ করে আর্থিক সহায়তায় জন্যও অনুরোধ করেন এসআইপিএফ’র মুর্দাসেবা প্রকল্পের চেয়ারম্যান এমআই মারুফ পাটওয়ারী।