বান্দরবানে সন্ত্রাসী-সেনাবাহিনী গোলাগুলি, নারী নিহত

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৭-১১ , ১১:৫৪ এএম

বান্দরবানে সন্ত্রাসী-সেনাবাহিনী গোলাগুলি, নারী নিহত ছবি: সিটিজেন নিউজ

বান্দরবানে জেএসএস (মূল) সন্ত্রাসীদের সাথে সেনা টহল দলের গুলি বিনিময়ে এক নারী নিহত হয়েছে।শুক্রবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে  রোয়াংছড়ি উপজেলার অংগ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম শান্তি লতা তঞ্চঙ্গ্যা (২৮)।এসময় তার শিশু অর্জুন তঞ্চঙ্গ্যা (৪) আহত হয়।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে রোয়াংছড়ি উপজেলার অংগ্যপাড়া নাতীন ঝিড়ি নামক স্থানে সেনাবাহিনীর তিনটি টহল দল অবস্থান করছিল। এসময় টহল দলকে লক্ষ্য করে জেএসএস (মূল) সন্ত্রাসীরা পাহাড়ের পশ্চিম দিক থেকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। পরবর্তীতে সন্ত্রাসীদের আটক করতে অভিযান চালালে সেনাবাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।

এসময় স্থানীয় এক নারী এবং তার চার বছরের শিশুকে গুরুতর আহত অবস্থায় দেখতে পায় সেনাবাহিনীর সদস্যরা। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতালে নিয়ে আসার পথে আহত শান্তি লতা তঞ্চঙ্গ্যা মারা যান। আর শিশু অর্জুন তঞ্চঙ্গ্যা (৪) চিকিৎসাধীন রয়েছে।