উখিয়ায় বন্দুকযুদ্ধে ৩ রোহিঙ্গা নিহত

 কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৭-০৯ , ১০:০৭ এএম

উখিয়ায় বন্দুকযুদ্ধে ৩ রোহিঙ্গা নিহত ছবি: সিটিজেন নিউজ

কক্সবাজারের উখিয়ায় বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তিন রোহিঙ্গা নিহত হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) ভোররাতে উখিয়ার রাজাপালং ইউনিয়নের তুলাতলী সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, তুমব্রু রোহিঙ্গা শিবিরের মৃত জুলুর মলুকের ছেলে নুর আলম (৪৫), বালুখালী ক্যাম্পের মো. হামিদ (২৫) ও কুতুপালংয়ের নাজির হোসেন (২৫)।

বিজিবির দাবি, নিহত রোহিঙ্গারা মাদক কারবারি।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গেলে তুলাতলী সীমান্তে বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায় মাদক কারবারিরা। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়।

পরে ঘটনাস্থল থেকে ২জনের মরদেহ ও তিন লাখ ইয়াবা, দেশীয় তৈরি দুইটি পাইপগান ও ৫ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয় বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।