উখিয়ায় সাড়ে ৩ হাজার বস্তা সরকারি চালসহ ৩জন আটক

 কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৭-০৫ , ০৪:৪৪ পিএম

উখিয়ায় সাড়ে ৩ হাজার বস্তা সরকারি চালসহ ৩জন আটক ছবি: সিটিজেন নিউজ

কক্সবাজারের উখিয়ায় র‌্যাব অভিযান চালিয়ে ৩ হাজার ৫০০ বস্তা সরকারি চালসহ ৩ জনকে আটক করে। শনিবার (৪ জুলাই) রাতে মরিচ্যা বাজার এলাকার ‘আল্লাহর দান, মো: এহছান স্টোর’ থেকে এ চাল উদ্ধার করে তাদের আটক করে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব-১৫) একটি অভিযানিক দল। এ সময় ৯৯টি চটের খালি বস্তাও উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- উখিয়ার হলুদিয়া পালং এলাকার সোনা আলীর ছেলে মো: এহছান (৩১), পশ্চিম হলুদিয়া পালং এলাকার মৃত সৈয়দ আহমদের ছেলে আবুল কালাম (৩২) ও পাগলীর বিল এলাকার মৃত মকবুল আহমদের ছেলে আবুল কালাম (৫০)।

রবিবার (৫জুলাই) র‌্যাব-১৫ এর সহকারি পরিচালক (মিডিয়া), সহকারি পুলিশ সুপার আব্দুল্লাহ মো: শেখ সাদী জানান, শনিবার রাতে র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মরিচ্যাবাজার এলাকার ‘আল্লাহর দান, মো: এহসান স্টোর’ গুদাম ঘরে কতিপয় লোক সরকারি ত্রাণের চাল মজুদ করছে। এর প্রেক্ষিতে র‌্যাব-১৫ এর একটি দল সেখানে অভিযান চালিয়ে ৩ হাজার ৫০০ বস্তা সরকারি ত্রাণের চাল এবং ৯৯টি চটের খালি বস্তা উদ্ধার করা হয়।

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছে জব্দ করা চালের বস্তাগুলো তারা বিভিন্ন উৎস থেকে সংগ্রহ করে অধিক লাভে বিক্রয়ের উদ্দেশ্যে বস্তা পরিবর্তন করে মজুদ করছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আটকদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।