বাংলাদেশকে ভেন্টিলেটর দিলেন পোপ ফ্রান্সিস

 আন্তর্জাতিক ডেস্ক
আপডেট: ২০২০-০৬-২৭ , ০৫:৩৮ পিএম

বাংলাদেশকে ভেন্টিলেটর দিলেন পোপ ফ্রান্সিস ছবি: ইন্টারনেট

করোনার চিকিৎসা সহায়তায় বাংলাদেশসহ ১২টি দেশে ৩৫টি ভেন্টিলেটর পাঠালেন পোপ ফ্রান্সিস। শুক্রবার ভ্যাটিকানের পাপাল চ্যারিটিসের কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে। শুক্রবার এক বিবৃতিতে পাপাল চ্যারিটিসের কার্যালয় জানিয়েছে, ‘পোপ ফ্রান্সিস কোভিড-১৯ মহামারিতে আক্রান্ত দেশগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন, বিশেষ করে যাদের স্বাস্থ্যব্যবস্থা অনেক বেশি নাজুক।’

স্থানীয় অ্যাপস্টলিক নানসিয়েটার ও ভ্যাটিকান দূতাবাসের মাধ্যমে এসব সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।

হাইতি, ভেনেজুয়েলা ও ব্রাজিলে চারটি করে ভেন্টিলেটর দিয়েছেন পোপ। এছাড়া মেক্সিকো, কলম্বিয়া, হন্ডুরাস, ইকুয়েডর, ক্যামেরুন, জিম্বাবুয়ে, বাংলাদেশ ও ডোমিনিকান রিপাবলিকেও ভেন্টিলেটর পাঠানো হয়েছে। হাইতি, ভেনেজুয়েলা ও ব্রাজিল বাদে অন্য দেশগুলোকে কয়টি করে ভেন্টিলেটর দেওয়া হচ্ছে তা জানা যায়নি।

মহামারির মধ্যে আগেও পোপ ফ্রান্সিস ভেন্টিলেটর সহায়তা দিয়েছেন কয়েকটি দেশকে। গত ২৩ এপ্রিল রোমানিয়া, স্পেন ও ইতালির হাসপাতালে এই উপহার পাঠান তিনি।

মে মাসে জাম্বিয়ায় বিশপের কনফারেন্সে পোপ ফ্রান্সিস তিনটি ভেন্টিলেটর দান করেছিলেন বলে খবর ভ্যাটিকান নিউজের।