উখিয়ায় রোহিঙ্গা মায়ের দা'র কোপে শিশু নিহত

 কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৫-২৩ , ১১:০৪ পিএম

উখিয়ায় রোহিঙ্গা মায়ের দা'র কোপে শিশু নিহত ছবি: সিটিজেন নিউজ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা পরিবারের মায়ের দায়ের কোপে লাদিব ইসলাম আরিয়ান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৩ মে) সকালে উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের মধ্যম হলদিয়া পালং গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক মা জাহানারা বেগমকে (২৩) আটক করেছে পুলিশ।

এলাকাবাসী জানিয়েছে, রশিদ আহমদ নামের একজন রোহিঙ্গা তার স্ত্রী ও ছেলেমেয়ে নিয়ে ওই গ্রামে ঘর ভাড়ায় থাকে। সাগরে মাছ ধরার কাজ করে রোহিঙ্গা রশিদ আহমদ। রশিদ আহমদের একাধিক স্ত্রী থাকার কারণে পারিবারিক অশান্তি রয়েছে দীর্ঘদিন ধরে।

উখিয়া থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্জিনা আকতার জানিয়েছেন, আজ সকালে ধারালো দা দিয়ে নিজের শিশুপুত্র সন্তানকে মাথায় কোপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পুলিশ ঘাতক মাকে আটক করেছে। রোহিঙ্গা রশিদ আহমদ এ সময় ঘরে অনুপস্থিত।

ওসি আরও  বলেন, পারিবারিক অশান্তির কারণেই এমন ঘটনা বলে মনে করা হচ্ছে। হলদিয়া বাসীর জনমনে আতংক বিরাজ করছে। রোহিঙ্গারা ক্যাম্প বেরিয়ে পড়লে জননিরাপত্তা বিঘ্নিত হবে।