টেস্ট করাতে না পেরে ফিরে যাচ্ছেন অনেকে

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১৮ , ১০:৩৭ এএম

টেস্ট করাতে না পেরে ফিরে যাচ্ছেন অনেকে ছবি: সিটিজেন নিউজ

করোনাভাইরাস সংক্রমণের নমুনা পরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ফিভার ক্লিনিকে সিরিয়াল না পেয়ে পরীক্ষা ছাড়াই ফিরে যাচ্ছেন অনেকে। রবিবার (১৭ মে) এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, কোভিড-নাইনটিনের বিভিন্ন উপসর্গ নিয়ে দীর্ঘ লাইনে মানুষের অপেক্ষা। এদের কেউ কেউ বেশ অসুস্থ। অনেকে হালকা জ্বর-সর্দিসহ পরীক্ষা করতে এসেছেন বিএসএমএমইউ'র ফিভার ক্লিনিকে। সন্দেহ দূর করতেই টেস্ট করতে আসা তাদের।

শিশু-নারী-পুরুষ, ফ্রন্টলাইনের চিকিৎসক, পুলিশসহ কোভিড-নাইনটিনের উপসর্গ নিয়ে এসব মানুষ দীর্ঘ সময় দাঁড়িয়ে আছেন লাইনে। এখন শুধু ডাকের জন্য অপেক্ষা। তবে, দীর্ঘ অপেক্ষার পরও ডাক  না পেয়ে অনেকে টেস্ট না করিয়ে ফিরে যাচ্ছেন।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ভোগান্তি লাঘবে ও আরও বেশি নমুনা সংগ্রহের জন্য শিগগিরই বসানো হচ্ছে আরটি-পিসিআর মেশিন।

এদিকে, মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে ব্র্যাকের বুথে প্রতিদিন পঁচিশ জনের নমুনা সংগ্রহ করা হচ্ছে। ঈদের আগের দিন পর্যন্ত আর সিরিয়াল নেই।

এছাড়া, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার- বিজিসির উদ্যোগে গণমাধ্যমকর্মীদের জন্য মহাখালী সিটি করপোরেশন কমিউনিটি সেন্টারে এবং সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংগঠনের সদস্যদের জন্য করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ চলছে।