‘৯০ দিনের মধ্যে মৌলিক সেবা নিশ্চিত করবো’

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১৬ , ০৯:০৫ পিএম

‘৯০ দিনের মধ্যে মৌলিক সেবা নিশ্চিত করবো’ ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস শনিবার (১৬ মে) দায়িত্ব গ্রহনের পর এক অনলাইন প্রেস বিফিংয়ে বলেন, ‘আমি নির্বাচনী প্রতিশ্রুতিতে যেটা বলেছিলাম, ৯০ দিনের মধ্যে মৌলিক সেবা নিশ্চিত করব। সেই পরিকল্পনা নিয়ে রোববার থেকে কাজ শুরু করব।’

তাপসের দায়িত্ব পালনকালে পাঁচটি বিষয়কে প্রাধান্য দেয়া হবে জানিয়ে তিনি বলেন, ‘অগ্রাধিকার পাবে পাঁচ বিষয়। বিষয়গুলো হচ্ছে- করোনা মোকাবিলা, মশক নিধন, আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা, জনস্বাস্থ্য, রাস্তাঘাট-যানজট। এরপর পর্যায়ক্রমে অন্যান্য মৌলিক সেবা নিশ্চিতে কাজ করব।’

তাপস বলেন, ‘আগেও বলেছি দুর্নীতি রোধ করব। আজও বলছি প্রথম থেকেই ডিএসসিসির দুর্নীতি রোধে কাজ করব। মশক নিধন নিয়ে বিগত সময়ে তেমন কোনো কাজ হয়নি। দুর্নীতির কারণে সুফলটা নগরবাসী পাননি। আমাদের লক্ষ্য থাকবে ঢাকাবাসীর সুস্বাস্থ্য নিশ্চিত করা।’

তিনি বলেন, ‘মশক নিধনে যেসব দেশ সফল তাদের কাছ থেকে অভিজ্ঞতা নেব। অন্যান্য দেশের ভালো কাজগুলো নিয়ে কাজের পরিকল্পনা করব। উন্নয়নমূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রেখে কাজ করব। আরও বেগবান করব।’