নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২৬-০৯-১৯ , ০৬:৩১ এএম
ছবি: নাগরিক পত্রিকা
রাজধানীর কাফরুলে একটি বাসে আগুন দেওয়া হয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থল যায়। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সোয়া ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার শাজাহান ইসলাম জানান, কাফরুল থানার সামনে মিরপুর সুপার লিংক নামের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। সাড়ে ১০ দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানাতে পারেননি তিনি।
এদিকে আজ দুপুর থেকে রাজধানীর কয়েকটি স্থানে আটটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। জুমার নামাজের পর মালিবাগ রেলগেটের কাছে এবং সন্ধ্যার দিকে যাত্রাবাড়ী, মহাখালী ও আগারগাঁওয়ে এসব বিস্ফোরণ হয়। রাজধানীর প্রতিনিধিদের পাঠানো খবর-
যাত্রাবাড়ীতে সন্ধ্যা সোয়া ৭টার দিকে পৃথক স্থানে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে একজন ব্যাটারিচালিত অটোরিকশাচালক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা যায়, সোয়া ৭টার দিকে যাত্রাবাড়ী থানার সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পরে যাত্রাবাড়ী ট্রাফিক পুলিশ বক্সের সামনে আরও ৩টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় পথচারীরা ভয়ে এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে দেখা যায়।
যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু বলেন, যাত্রাবাড়ীর পৃথকস্থানে ৪টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন অটোরিকশা চালক আহত হয়েছেন। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কোথা থেকে বিস্ফোণের ঘটানো হয়েছে, তা এখনো নিশ্চিত করে বলা যায়নি। তবে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার থেকে এসব ককটেল নিক্ষেপ করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় ডিএমপির ওয়ারী বিভাগের ডেমরা জোনের উপ-পুলিশ কমিশনার মীর মহশীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঢাকা মেডিকেলে আহত অটোরিকশা চালকের খোঁজ খবর নেন। এ ঘটনার পর থেকে যাত্রাবাড়ী মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে সন্ধ্যার দিকে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনের কাছাকাছি এবং মহাখালী এলাকায় পৃথক এ বিস্ফোরণ ঘটে। মহাখালীতে পরপর দুটি ককটেল ও প্রায় একই সময় আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবন সংলগ্ন এলাকায় সড়কের ওপর আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে এসব ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
এছাড়া জুমার নামাজের পর মালিবাগ রেলগেট সংলগ্ন সড়কে সোহাগ পরিবহণের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতর খবর পাওয়া যায়নি। ডিএমপির মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জাহিদ ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সিসিটিভি ফুটেজ দেখে দুর্বৃত্তদের শনাক্তের চেষ্টা চলছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.