শনিবার দক্ষিণের দায়িত্ব নিবেন তাপস

 নাগরিক পত্রিকা ডেস্ক
আপডেট: ২০২০-০৫-১৫ , ০৪:৩৭ পিএম

শনিবার দক্ষিণের দায়িত্ব নিবেন তাপস ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটির নতুন মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস আগামীকাল শনিবার ১৬ মে দায়িত্ব নিবেন। স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে এ বিষয়ে সম্প্রতি এক পত্রে দক্ষিণ সিটি কর্পোরেশনকে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

বর্তমান মেয়র সাঈদ খোকনের মেয়াদ আজ শুক্রবার ১৫ মে শেষ হওয়ায় নতুন মেয়র হিসেবে দায়িত্ব নিয়ে তার স্থলাভিষিক্ত হচ্ছেন তাপস।

ঢাকা দক্ষিণ সিটির ওয়েব সাইটে দেওয়া তথ্যে জানা গেছে, নতুন মেয়র শেখ ফজলে নূর তাপস আগামী ১৬ মে শনিবার বিকেলে যথারীতি তার দায়িত্ব বুঝে নেবেন। এ জন্য গত ৬ মাসের সকল আয়-ব্যয়ের হিসাবসহ সকল দপ্তরের হিসাব-নিকাশ তৈরি করে একটি সারসংক্ষেপ নতুন মেয়রকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সে অনুযায়ী আগামীকাল শনিবার বিদায়ী মেয়র সাঈদ খোকনের কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করবেন। মেয়র হিসেবে এটাই তার প্রথম যাত্রা। দক্ষিণ সিটির দ্বিতীয় মেয়র তিনি।

গত ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোট হয়। এতে মেয়র পদে নৌকা নিয়ে দক্ষিণে বিজয়ী হন শেখ ফজলে নূর তাপস। তিনি গত ২৭ ফেব্রুয়ারি মেয়র হিসেবে শপথ নেন প্রধানমন্ত্রীর কাছে।