টেকনাফে বন্দুকযুদ্ধে ৩জন নিহত; অস্ত্র-গুলি উদ্ধার

 কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৫-০৬ , ০৬:৪১ এএম

টেকনাফে বন্দুকযুদ্ধে ৩জন নিহত; অস্ত্র-গুলি উদ্ধার ছবি: সিটিজেন নিউজ

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৩জন নিহত হয়েছে। বুধবার (৫ মে) ভোররাতে উপজেলার রঙ্গিখালীতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ সময় বিপুল পরিমানের অস্ত্র ও গুলি উদ্ধার করে টেকনাফ মডেল থানা পুলিশ।

নিহতরা হলেন- টেকনাফের রঙ্গিখালী গ্রমের বাসিন্দা ছৈয়দ আলম, নুরুল আলম ও আবদুল মোনাফ ওরফে মোনাইয়া।

পুলিশের দাবি, নিহতরা পাহাড়ি ডাকাত বাহিনীর সদস্য।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানা  দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) প্রদীপ কুমার দাশ সাংবাদিকদের জানান,গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোররাতে রঙ্গিখালীতে ডাকাতের আস্তানায় অভিযান চালায় পুলিশ। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি ছুড়ে। পরে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। গুলাগুলির এক পর্যায়ে ডাকাত দলের সদস্যরা পালিয়ে গেলে পুলিশ ঘটনাস্থল থেকে ওই তিনজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হয় এবং ঘটনাস্থল থেকে ১৮টি দেশি-বিদেশি অস্ত্র এবং বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেয়া হচ্ছে।