নোয়াখালীতে গোলাগুলিতে নিহত এক; অস্ত্র-ইয়াবা উদ্ধার

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৫-০৩ , ০১:২৬ এএম

নোয়াখালীতে গোলাগুলিতে নিহত এক; অস্ত্র-ইয়াবা উদ্ধার ছবি: সিটিজেন নিউজ

নোয়াখালীতে পুলিশের সাথে গোলাগুলিতে মো: ফিরোজ নামে এক ব্যক্তি নিহত হয়েছে। শনিবার দিবাগতরাত ১টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের ব্র্যাংক অফিসের সামনে এ ঘটনা ঘটে।

ফিরোজ চাটখিল উপজেলার হাটপুকুরিয়া-ঘাটলাবাগ ইউনিয়নের ইউনুছ পাটোওয়ারী বাড়ীর মৃত খোরশেদ আলমের ছেলে বলে জানা যায়।

পুলিশের দাবি, নিহত ফিরোজ একজন  মাদক ব্যবসায়ী।

বিষয়টি নিশ্চিত করে চাটখিল থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ারুল ইসলাম সিটিজেন নিউজকে জানান,গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। পরে প্রথমে পুলিশকে লক্ষ্য করে মাদক ব্যবসায়ী গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ী ফিরোজ ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়ে আহত হলে তাকে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, এসময় ঘটনাস্থল থেকে ২ টি দেশীয় অস্ত্র, ১৫ রাউন্ড গুলি ও ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ফিরোজের লাশ বর্তমানে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে।