আ'লীগের সমালোচকরাও রেশন কার্ড পাবে: তথ্যমন্ত্রী

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৪-২৪ , ০৬:০২ পিএম

আ'লীগের সমালোচকরাও রেশন কার্ড পাবে: তথ্যমন্ত্রী

যিনি আওয়ামী লীগের কড়া সমালোচক, কখনও আওয়ামী লীগকে ভোটও দেননি, তিনি যদি প্রকৃতপক্ষে অভাবী হন প্রধানমন্ত্রী ঘোষিত নতুন পঞ্চাশ লক্ষ রেশন কার্ডে তার নাম অন্তর্ভূক্ত করতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা সদরে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন আ.লীগের প্রতিনিধি ও সকল ইউপি চেয়ারম্যানদের সাথে করোনাভাইরাস সংক্রমণে উদ্ভুদ্ধ পরিস্থিতিতে ত্রাণ বিতরণসহ নানা বিষয়ে আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী  বলেন, সরকার গত কয়েক বছর ধরে পঞ্চাশ লক্ষ পরিবারের মধ্যে মাসে ৩০ কেজি করে ১০ টাকা দরে চাল দিচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী নতুন করে যে পঞ্চাশ লক্ষ রেশন কার্ড করা হবে সেগুলো প্রকৃতপক্ষে যাদের প্রয়োজন তাদের মধ্য থেকেই করতে হবে।

হাছান মাহমুদ বলেন, এই কার্ডটি করার ক্ষেত্রে আমাদেরকে একটু সতর্ক হতে হবে। এ ধরনের কার্ড করার সময় কোনো দলীয় পরিচয় বিবেচনা করা যাবে না। যার প্রয়োজন তাকেই অন্তর্ভূক্ত করতে হবে দলমত নির্বিশেষে। এটি মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ। একজন মানুষও অভাবে থাকুক সরকার সেটা চায় না।