রোমান শেখ
আপডেট: ২০১৯-০৬-০৭ , ০৭:২৮ পিএম
ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (চিত্রনায়ক ফারুক) সিটিজেন নিউজের বিশেষ সাক্ষাৎকারে।
৬ দফার আন্দোলন না হলে আজকের বাংলাদেশ হতো না। ৬ দফার কারণে মুক্তিযুদ্ধ সম্ভব হয়েছে; আর এই ৬ দফার কারণেই বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনে অনূপ্রেরণা জুগিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান। অনেকে তাকে ১৯৮৭ সালে ‘মিয়া ভাই’ চলচিত্রের সাফল্যের পর থেকে চলচিত্রাঙ্গনে ‘মিয়া ভাই’ হিসেবে চিনলেও সর্ব ক্ষেত্রে ফারুক নামেই পরিচিত।
১৯৬৬ সালের ৬ দফা আন্দোলনে বর্তমান সংসদ সদস্য ঢাকা ১৭ আসনের এই আকবর হোসেন পাঠানের ভূমিকা ছিলো সক্রিয়।ফারুক স্কুল জীবনে ছাত্রলীগের সংগঠনে সম্পৃক্ত হন। পরে ১৯৬৬ সালের ৬ দফা আন্দোলনে তিনি যোগ দিয়ে প্রায় ৩৭ টি মামলার দায় নিজ কাঁধে নেন। অনেকটা মান-অভিমান নিয়ে ৬৬’সালের ৬ দফা আন্দোলন ও পরবর্তী ৭১’র মুক্তিযুদ্ধ নিয়ে ‘সিটিজেন নিউজ’র সাথে কথা বলেন আকবর হোসেন পাঠান ফারুক।
ফারুক বলেন, ‘বঙ্গবন্ধুকে খুব কাছ থেকে দেখেছি।১৯৬৬’র ৬ দফা আন্দোলন নিয়ে আমি একবার বঙ্গবন্ধুকে বলেছিলাম, কী ৬ দফা আন্দোলন? এটাকে কি ১ দফা করা যায় না? তখন বঙ্গবন্ধু আমাকে বলেছিলেন, সাড়ে ৬ কোটি মানুষকে এক করে বুকে জড়িয়ে রাখা ৬টি উইংস। আর ৬ টি উইংস মানেই ৬ দফা দাবি।’ বঙ্গবন্ধুর লিডারশীপ এবং এসব কথা কখনও ভুলবো না- যোগ করেন ফারুক।
তিনি বলেন, রাজনীতিতে সংসদ সদস্য হয়েছি আমি নতুন। রাজনীতি অনেকেই করছেন। কিন্তু বাস্তবমুখী রাজনীতি কয়জনে করে। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে কয়জনে রাজনীতি করতে পারে; কয়জনে করে, এটাই দেখার বিষয়।শুধু ক্ষমতার রাজনীতি দিয়ে দেশ চলে না। মানুষকে কাছে টানতে হবে, গণ মানুষের ভালোবাসা ছাড়া রাজনীতিতে কোনও অর্জন নেই; নেই কোনও সার্থকতা।
ফারুক বলেন, ‘আমরা রাজনীতি করেছি বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে।গোলাম দস্তগীর গাজী, তোফায়েল আহম্মেদ, ফিরোজ রশিদ, মুকুল, খসরু, রাজ্জাক মুন্সিগঞ্জের মহিউদ্দিনসহ আরও অনেকে আছেন, তখন আমারা একসাথে রাজনীতি করছি। দেখা হলে একজন আরেকজনকে দেখলে বুকে জড়িয়ে ধরতাম।বঙ্গবন্ধুর প্রতিটি নির্দেশ অক্ষরে অক্ষরে অনুসরণ করতাম।সবাই একসাথে সিদ্ধান্ত নিতাম। একসাথে কাজ করতাম।’
এখন আর সে সময় নেই। সে সময়ের অনেকে চলে গেছেন, অবসর নিয়েছেন, বিভিন্ন কারণে দূরে সরে গেছেন অনেকে। অনেকটা মান-অভিমান নিয়ে তিনি বলেন, ‘পাকিস্থান আমলে ‘ক্র্যাক প্লাটুন’ নামে একটি সংগঠন ছিলো। যেটি চারটি ভাগে বিভক্ত ছিলো। পুরানো ঢাকায় দুই এবং নতুন ঢাকায় দুই ভাগে বিভক্ত ছিলো।পুরানো ঢাকায় একটি বিউটি বোর্ডিং ছিলো। যেখানে সবাই আমরা এক হয়ে বিভিন্ন পরিকল্পনা করতাম। বঙ্গবন্ধুর দেয়া প্রতিটি নির্দেশ বাস্তবায়ন করতে সেখানে বসে ছক আঁকতাম।’
১৯৬৬’র ৬ দফা আন্দোলন পরবর্তী ৭১’র মুক্তিযুদ্ধ এবং ৭৫’এ বঙ্গবন্ধু খুনের বিচারে সক্রিয় আন্দোলন করা সদ্য এই সংসদ সদস্য বলেন, ১৯৭৫ বঙ্গবন্ধুর খুনের বিচার চাইতে স্লোগান-আন্দোলনে রাজপথ কাঁপিয়েছি।শেখ রাসেল-ছোট্ট শিশু, ও কী অপরাধ করেছিলো? ও কি রাজনীতি করতো? শেখ জামাল সে কি রাজনীতি করতো? সেতো গীটার নিয়ে গান-বাজনা করতো। বঙ্গবন্ধু দেশের জন্য রাজনীতি করেছে। মানুষের অধিকারের জন্য রাজনীতি করেছে। মানুষের ভাতের জন্য রাজনীতি করেছে। তখন বঙ্গবন্ধুর রাজনীতি দেখেছি। দেখেছি তখন-তখনকার নেতাকর্মীদের বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা। সময় পাল্টেছে, এখনও দেখছি নেতাদের। ভোটের রাজনীতি করলেই কেবল নেতা হওয়া যায়না। মানুষের জন্য রাজনীতি করতে হবে। মানুষের সুখে, দু:খে পাশে থাকতে হবে।
তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনাকেও ২২/২৩ বার্ হত্যা করতে চেয়েছে। বঙ্গবন্ধুর রক্ত আর আদর্শকে লালন করে তিনি গণমানুষের জন্য রাজনীতি করে যাচ্ছেন।মানুষের অধিকার, খাদ্য, কর্মসংস্থান ও উন্নয়নের জন্য লড়ে যাচ্ছেন।দেশের জনগণের জন্য তার এ পরিশ্রম এবং বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঐক্যমতে সকল নেতাকর্মীদের এগিয়ে আসা উচিৎ।
ফারুক তার নিজ সংসদীয় এলাকা নিয়ে বলেন, ‘আমি একাদশ নির্বাচনে প্রথমবার সংসদ সদস্য হয়েছি। এখানে আগে অনেকে আসছে-গেছে। আমার ১৭ আসনে অট্টালিকা যেমন রয়েছে তেমন রয়েছে ঘনবসতিও। এখানে বহু সমস্যা রয়েছে। পানি, রাস্তা-ঘাট থেকে বিভিন্ন ধরনের সমস্যা আছে। তবে, আমি নির্বাচিত হয়ে আসার পরই একটি চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। একটু সময় লাগবে। আমি ফারুক কথা দিলাম, এসব সংকট থেকে ঢাকা ১৭ আসনকে মুক্ত করবো ইনশাল্লাহ।
তিনি বলেন, অত্র সংসদীয় এলাকায় কিছু বসতি ছিলো, যেসব সরকারের বিভিন্ন দপ্তর তাদের জায়গা বলে উচ্ছেদ করেছে। এটা নিয়ে আমি পুরো অবগত ছিলাম না এবং ওই সব মন্ত্রনালয় আমাকে না জানিয়ে আমার এলাকার লোকজনকে উচ্ছেদ করেছে। যাদের উচ্ছেদ করেছে তাদের একটা পুনর্বাসন করা এখন আমার জন্য অনেকটা চ্যালেঞ্জও বটে। তবে, ওই সকল মন্ত্রনালয় যদি আমাকে জানিয়ে করতেন তবে, এটা হতো না। এটা নিয়ে আমি সংসদে কথা বলবো এবং যাতে ওই সকল ক্ষতিগ্রস্থদের পুনর্বাসন দ্রুত করে দেয়া যায়; সে ব্যবস্থা করা হবে।
ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (চিত্রনায়ক ফারুক) সিটিজেন নিউজকে বিশেষ সাক্ষাৎকার দেন।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.