রৌফাবাদে জাফরের নির্মিত অবৈধ ভবনটির ছাদ ভাঙতে ডিসিকে চসিকের চিঠি

 নিজস্ব প্রতিনিধি
আপডেট: ২০২৬-০৯-২১ , ০৫:১৮ পিএম

রৌফাবাদে জাফরের নির্মিত অবৈধ ভবনটির ছাদ ভাঙতে ডিসিকে চসিকের চিঠি ছবি: নাগরিক পত্রিকা

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন রৌফাবাদ এলাকায় সরকারের ত্রাণ ও পুনর্বাসনের (মোহাজের) সম্পত্তি বয়-বিক্রি, উন্নয়নসহ বহুতল ভবন নির্মাণে নিষেধাজ্ঞা থাকলেও অনেকই মানছে না এই আইন। বরাদ্দকৃত জায়গা, বিক্রি, বহুতল ভবন, উর্দুভাষীদের জায়গায় বাঙালিদের বাড়ি নির্মাণ হয়েছে।

এমন অনিয়মের তথ্য যাচাই করে নাগরিক পত্রিকায় একাধিক সংবাদ প্রকাশ করে। এরই ধারাবাহিকতায় রৌফাবাদ এলাকার সমাজসেবা রোডের ইলেকট্রিক মিস্ত্রি রজ্জবের গলিতে মো: কামারের ছেলে মো: জাফর একটি দ্বিতল ভবন নির্মান করছেন-এমন তথ্যের ভিত্তিতে রৌফাবাদে রাস্তার ওপরেই ভবন নির্মাণ: বললেন ডিআরআরও’র অনুমোতি আছে এবং জেলা প্রশাসনের নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে দেদারসে চলছে অবৈধ নির্মাণকাজ দু’টি সংবাদ প্রকাশ করে।

সংবাদ প্রকাশের পর চট্টগ্রাম জেলা প্রশাসক এবং সিটি করপোরেশনের চীফ অ্যাস্টেট অফিসারসহ অনেকের দৃষ্টি গোচর হয়। পরে জেলা প্রশাসক সহকারী ভূমি কমিশনার (এসিল্যান্ড) চান্দগাঁওকে ভবন নির্মাণের কাজ বন্ধে প্রয়োজনীয় নির্দেশ প্রদান করলে এসিল্যান্ড ওই ভবনটির নির্মাণ কাজ বন্ধের নির্দেশ দেয়।

এদিকে, রাস্তার ওপর ওই ভবনটি নির্মাণ হচ্ছে- এমন তথ্যে সংবাদ প্রকাশের পর চট্টগ্রাম সিটি করপোরেশনের চীফ অ্যাস্টেট অফিসার সরেজমিনে সার্ভেয়ার পাঠিয়ে ঘটনার সত্যতা পায়।

এর প্রেক্ষিতে তিনি ওই ভবনের ছাদ ভেঙে ফেলতে জেলা প্রাশাসককে চিঠি দিয়েছেন।

চট্টগ্রাম সিটি করপোরেশনের চীফ অ্যাস্টেট অফিসার নাগরিক পত্রিকাকে বলেন, যেহেতু এটা মোহাজের সম্পত্তি সেহেতু আমরা জেলা প্রশাসক মহোদয়কে চিঠি দিয়েছি ভবনটির ছাদ ভাঙতে।

জেলা প্রশাসন সূত্র জানায়, আমরা চিঠি এখনও হাতে পাইনি। চিঠি পেলে অবশ্যই ব্যবস্থা গ্রহন করা হবে। সূত্রটি জানায়, ইতিমধ্যে ওই ভবনের কাজ বন্ধে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কাজ বন্ধ রয়েছে। এর ব্যত্যয় ঘটলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথাও জানায় সূত্রটি।