শেষ ওভারে গিয়ে হারল বাংলাদেশ

 খেলাধুলা ডেস্ক
আপডেট: ২০২৫-১০-১৪ , ০৮:২৬ এএম

শেষ ওভারে গিয়ে হারল বাংলাদেশ ছবি: নাগরিক পত্রিকা

নারীদের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের চতুর্থ ম্যাচে হার মেনেছে বাংলাদেশ। সোমবার (১৩ অক্টোবর) রাতে বিশাখাপত্তনমে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।

টস জিতে বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৩২ রান সংগ্রহ করে। জবাবে শেষ ওভারে গিয়ে ৭ উইকেট হারিয়ে ২৩৫ রান করে জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। এটা ছিল প্রোটিয়া মেয়েদের টানা তৃতীয় জয় আর বাংলাদেশের মেয়েদের টানা তৃতীয় হার।

এই জয়ে ৪ ম্যাচ শেষে ৬ পয়েন্ট সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ভারতকে পেছনে ফেলে। আর বাংলাদেশ ৪ ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়ে আছে টেবিলের ষষ্ঠ স্থানে।

রান তাড়া করতে নেমে তৃতীয় রানেই উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। তাজমিন ব্রিটস গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফেরেন। এরপর লরা উলভার্ট ও আনেকে বোস ৫৫ রানের জুটি গড়েন দ্বিতীয় উইকেটে। এরপর ২০ রানের ব্যবধানে চারটি উইকেট হারিয়ে বিপাকে পড়ে প্রোটিয়া মেয়েরা। ১ উইকেটে ৫৮ থেকে ৫ উইকেটে ৭৮ হয়ে যায় তাদের রান। সেখান থেকে দলকে টেনে তোলেন মারিজানে কাপ, ক্লোয়ি ট্রায়ন,  নাদিনে ডি ক্লার্ক ও মাসাবাতা ক্লাস।

কাপ ৪টি চার ও ১ ছক্কায় ৫৬ রান করে আউট হন। ট্রায়ন ৬টি চার ও ১ ছক্কায় করেন ৬২ রান। এরপর ডি ক্লার্ক ৪টি চার ও ১ ছক্কায় অপরাজিত ৩৭ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। তার সঙ্গে মূল্যবান ১০ রানে অপরাজিত থাকেন ক্লাস। তাদের আগে লরা ৫ চারে ৩১ ও বোশ ৬ চারে খেলেন ২৮ রানের ইনিংস।

বল হাতে বাংলাদেশের নাহিদা আক্তার দুটি উইকেট নেন। বল হাতে ১ উইকেট ও ব্যাট হাতে ৬২ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হন ট্রায়ন।

এদিন আগে ব্যাট করতে নামা বাংলাদেশের টপ অর্ডারের প্রত্যেক ব্যাটারই কম-বেশি রান পান। তার মধ্যে হাফ সেঞ্চুরি করেছেন শারমিন আক্তার ও শর্না আক্তার। শারমিন ৭৭ বলে ৬ চারে ৫০ রান করেন। শর্না মাত্র ৩৫ বলে ৩টি চার ও ৩ ছক্কায় অপরাজিত থাকেন ৫১ রানে। এছাড়া নিগার সুলতানা জ্যোতি ৫ চারে ৩২, ফারজানা হক ৩ চারে ৩০ ও রুবাইয়া হায়দার ঝিলিক করেন ২৫ রান। শর্নার সঙ্গে ৩ চারে ১৯ রান করে অপরাজিত থাকেন রিতু মনি।

বল হাতে দক্ষিণ আফ্রিকার ননকুলুলেকো ম্লাবা ১০ ওভারে ৪২ রানে ২টি উইকেট নেন। একটি করে উইকেট নেন নাদিনে ডি ক্লার্ক ও ট্রায়ন।