মাদারীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ৩জন নিহত

 সিটিজেন নিউজ ডেস্ক:
আপডেট: ২০২০-১২-২৩ , ০৫:৩৭ পিএম

মাদারীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ৩জন নিহত ছবি । সিটিজেন নিউজ

দ্রুতগামী ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে মাদারীপুরে তিনজন নিহত হয়েছেন। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (২৩ ডিসেম্বর) ভোর ও সকালে ওই তিনজনের মৃত্যু হয়। এর আগে মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাতে জেলার রাজৈর উপজেলাধীন ঢাকা-বরিশাল মহাসড়কের আলমদস্তা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- উপজেলার দ্বারাদিয়া গ্রামের আলেম হাওলাদারের ছেলে শাহিন হাওলাদার (১৭), ইসলাম মুন্সীর ছেলে অনিক মুন্সী (২০) ও সাকিল মুন্সী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে রাজৈর উপজেলার আলমদস্তা নামক স্থানে ট্রাক ও একটি মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় তিনজনকে প্রথমে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরবর্তীকালে চিকিৎসাধীন অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার ভোরে দুইজন এবং সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অপর একজনের মৃত্যু হয়।

রাজৈর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সাদি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।