‘চট্টগ্রামের কাপাসগোলা মহিলা কলেজে বোরকা নিষিদ্ধ হয়নি’

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০১৯-০৭-০১ , ০৫:৪০ পিএম

‘চট্টগ্রামের কাপাসগোলা মহিলা কলেজে বোরকা নিষিদ্ধ হয়নি’ ছবি: ইন্টারনেট

চট্টগ্রামে অবস্থিত কাপাসগোলা সিটি করপোরেশন মহিলা কলেজে বোরকা নিষিদ্ধ করা হয়নি বলে জানিয়েছেন, কলেজের অধ্যক্ষ মনোয়ার জাহান। বোরকা নিষিদ্ধ করা হয়েছে বলে একটি পক্ষ বিভ্রান্ত ছড়ানো হচ্ছে বলেও জানান তিনি। সোমবার (১জুলাই) কাপাসগোলা মহিলা কলেজে বোরকা নিষিদ্ধ করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকজন পোষ্ট করেছেন।

জাবেদ হাসনাত নামে একজনে তার ফেজবুকে লিখেন-‘চট্টগ্রামের কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা কলেজে বোরকা নিষিদ্ধ করলো প্রিন্সিপাল।বেকায়দায় মুসলিম ছাত্রীরা।
অথচ কলেজটির ভর্তি নোটিশে কোথাও উল্লেখ ছিল না বোরকা নিষিদ্ধের বিষয়টি। আজ  অরিয়েন্টেশন ক্লাসে হুট করে প্রিন্সিপাল ঘোষণা দিলেন বোরকা পড়ে কলেজে যাওয়া যাবে না। যা সদ্য ভর্তি হওয়া মুসলিম ছাত্রীদের মনে ক্ষোভের সঞ্চার করেছে।

অভিভাবকরাও বিস্ময় প্রকাশ করে সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনপদ ও বারো আউলিয়ার চট্টগ্রামের একটি শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় ফরজ বিধান পর্দার প্রতি এমন বেআইনি নিষেধাজ্ঞার তীব্র প্রতিবাদ জানান।
আমরা অতিশীঘ্রই এই সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবী জানাচ্ছি।
পোষ্ট : পর্দা –’

বিষয়টি নিয়ে কলেজের অধ্যক্ষ মনোয়ার জাহান বলেন,‘আমরা কলেজের ছাত্রীদের কলেজ কোড অনুযায়ী পোষাক পড়ার জন্য উৎসাহিত করেছি মাত্র। ভর্তি কমিটির লোকজন নিয়ে সিদ্ধান্ত নিয়ে অরিয়েন্টেশন ক্লাসে ছাত্রীদের বলা হয়েছে, হিজাব এবং এপ্রোনের কালারটা যাতে সাদা হয়।কিন্তু হঠাৎকরে একটি পক্ষ এটাকে নিয়ে বিভ্রান্ত ছড়াচ্ছে বলেন তিনি।

তিনি বলেন, কলেজে সকল ছাত্রীদের আমরা বলেছি, সাদা পায়জামা, সাদা জামা, সাদা ওড়না, সাদা এপ্রোন ও কালো জুতা পড়ার জন্য। কোনও ছাত্রী যদি হিজাব পড়তে চায় সেক্ষেত্রে সেটা যাতে কালো রংয়ের না হয়ে সাদা রংয়ের হয়; সে ব্যাপারে ছাত্রীদের উৎসাহীত করা হয়েছে।

অধ্যক্ষ মনোয়ার জাহান, অভিভাবক ও ছাত্রীদের বিভ্রান্ত না হওয়ারও অনুরোধ জানান।

এ বিষয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১৬ নং ওয়ার্ডে কাউন্সিলর সৈয়দ গোলাম হায়দার মিন্টু বলেন, কাপাসগোলা সিটি করপোরশেন মহিলা কলেজে ছাত্রীদের বোরকা বা হিজাব নিষিদ্ধ করা হয়নি। কলেজে শিক্ষার্থীরা বিভিন্ন রংয়ের পোষাক পড়ে আসার বিষয়টি কলেজ কতৃপক্ষের নজরে আসলে আমরা অরিয়েন্টেশন ক্লাসে তাদের কলেজ কোড অনুযায়ী পোষাক পড়ার অনুরোধ করি।শিক্ষার্থীরা যাতে সাদা ওড়না, সাদা এপ্রোন এবং সাদা রংয়ের হিজাব ব্যবহার করে সে বিষয়ে উৎসাহীত করা হয়।