প্রয়োজনের চেয়ে বেশি পেঁয়াজ না কেনার আহ্বান

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-২০ , ০৫:০২ পিএম

প্রয়োজনের চেয়ে বেশি পেঁয়াজ না কেনার আহ্বান ছবি: সিটিজেন নিউজ

অনলাইনে সাশ্রয়ী মূল্যে পেঁয়াজ বিক্রয় কার্যক্রম ‘ঘরে বসে স্বস্তির পেঁয়াজ’ উদ্বোধন করলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। পেয়াজের দামবৃদ্ধি ঠেকাতে এবং মধ্যবিত্ত শ্রেণির ক্রেতাদের অনলাইনে পেঁয়াজ পেতে এই কর্মসূচী গ্রহণ করেছে সরকার।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টায় এ কর্মসূচির উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী। সীমিত ও নির্বাচিত কিছু অনলাইন শপের মাধ্যমে পেঁয়াজ কিনতে পারবে জনসাধারণ। আপাতত ৩৬ টাকা প্রতি কেজি পেয়াজের দাম নির্ধারণ করা হয়েছে।

একজন ক্রেতা সর্বোচ্চ ৫ কেজি পেঁয়াজ কিনতে পারবেন। তবে আপাতত এই সীমা ৩ কেজি নির্ধারণ করা হয়েছে। এছাড়া প্রতিটি অর্ডারের ডেলিভারি মূল্য ঠিক করে দেয়া হয়েছে সর্বোচ্চ ৩০ টাকা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মন্ত্রী এই কার্যক্রমের উদ্ভোধন ঘোষণা করেন।

এতে সভাপতিত্ব করেন বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুগ্মসচিব এএইচএম সফিকুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী বলেন, আমি ক্রেতা সাধারণকে অনুরোধ করবো আপনারা আতঙ্কিত না হয়ে অনলাইনে নির্ধারিত পরিমাণ পেঁয়াজ কিনুন। একটি পরিবারের জন্য ১ সপ্তাহ কত কেজি পেঁয়াজ লাগে সেভাবে সীমা নির্ধারণ করে দেয়া হয়েছে। আপনারা এই সীমা মেনে চলুন। কোথাও কোনও অনিয়ম দেখা দিলে ই-ক্যাব বা এখানে যে সমন্বয় কমিটি করা হয়েছে তাদেরকে জানান। তারা দ্রুত সমাধান করবে।

দেশে পেঁয়াজের পর্যাপ্ত মজুদ আছে উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘আমাদের সমস্যা আছে এবং সেই সমস্যা সমাধানের সর্বোচ্চ পদক্ষেপ আমরা নিয়েছি। সাধারণ মানুষের কাছে একটা ম্যাসেজ পৌঁছানো দরকার সেটা হলো যতটুকু প্রয়োজন ততটুকু কিনলে কোনও সমস্যা হবে না।’