৯ ‌বি‌য়েতে ধরা: কৌশ‌লে হা‌তিয়ে নিত টাকা

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-১৯ , ১২:৩৪ পিএম

৯ ‌বি‌য়েতে ধরা: কৌশ‌লে হা‌তিয়ে নিত টাকা ছবি: সিটিজেন নিউজ

সামাজিক যোগাযোগ মাধ্যমে অল্প বয়সী মেয়েদের প্রতারণার জালে ফেলে ৯ বছরে ৯টি বিয়ে করেছেন সুলায়মান (২৯)। টার্গেট করেন গার্মেন্টসের নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মেয়েদেরকে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর)রাত সাড়ে এগারোটায় পাহাড়তলী থানা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (বন্দর)বিভাগ ও পাহাড়তলী থানা পুলিশের একটি অভিযানিক দল।

গ্রেফতার সোলাইমানের বাড়ী বরগুনা জেলায়। সে জীবিকার অন্বষনে বরগুনা থেকে চট্টগ্রামে আসেন ।

পুলিশ জানায়, সোলাইমান পেশায় শ্রমিক হলেও সামাজিক যোগাযোগ মাধ্যম আর মোবাইল ফোনে অল্প বয়সী মেয়েদের সাথে কথা বলে তাদেরকে পটিয়ে প্রতারণার জালে ফেলে বিয়ে করার এক অভিনব শিল্প রপ্ত করেন। বিভিন্ন সময়ে প্রশাসনের অফিসার হিসেবে বিভিন্ন মেয়েদের কাছে নিজেকে উপস্থাপন করেন। কখনও পুলিশ অফিসার, কখনও আর্মি অফিসার, কখনও আবার নেভি অফিসার হিসেবে নিজেকে পরিচয় দেন ।

বিষয়টি নিশ্চিত করে মহানগর গোয়েন্দা বিভাগের সহকারী পুলিশ কমিশনার গোলাম ছরোয়ার জানান,  বিভিন্ন অফিসারদের ছবিতে নিজের মুখের অবয়ব মোবাইল অ্যাপসের মাধ্যমে কাট পেস্ট করে প্রেমিকাদের কাছে পাঠাতেন। আর এতেই কুপোকাত প্রেমিকা এবং তাদের পরিবার। শুধু তাই নয় বিয়ে করার পরে স্ত্রীর ভাই-বোনদেরকে চাকরি দেয়ার নাম করে হাতিয়ে নিয়েছেন বিপুল অর্থ। 

তিনি বলেন, স্ত্রীদের মাধ্যমে  এনজিও থেকে লোন নিয়ে ওই অর্থ নিয়ে পালিয়ে গেছেন অন্যত্র। বেছে নিয়েছেন আরেকজনকে। অষ্টম স্ত্রী রাহেলার কাছ থেকে তার ভাই ও বোন কে চাকরি দেয়ার নাম করে হাতিয়ে নিয়েছেন প্রায় আড়াই লাখ টাকা এবং তার নামে এনজিও থেকে ঋণ তুলে হাতিয়ে নিয়েছেন এক লাখ টাকা। নবম স্ত্রীর রহিমার কাছ থেকে যৌতুক নিয়েছেন দুই লাখ টাকা। এভাবে ২০ বছর থেকে ২৯ বছরের মধ্যে মাত্র  ৯ বছরে ৯টি  বিয়ে করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়ার সুনিপূণ কারিগর  সুলায়মান অবশেষে ধরা পড়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (বন্দর)বিভাগ ও পাহাড়তলী থানা পুলিশের যৌথ অভিযানে।

ইতোমধ্যে রাঙ্গামাটির  ১৫ বছর বয়স্কা নবম স্ত্রী রহিমা আক্তারের মা বাদী হয়ে পাহাড়তলী থানায় একটি মামলা রুজু করেন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।