হাটহাজারী মাদরাসায় পৌঁছেছে আল্লামা শফীর মরদেহ

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৯-১৯ , ০৯:১০ এএম

হাটহাজারী মাদরাসায় পৌঁছেছে আল্লামা শফীর মরদেহ ছবি: সিটিজেন নিউজ

হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফী’র মরদেহ হাটহাজারী হাটহাজারী মাদরাসায় পৌঁছেছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে আহমদ শফী’র লাশবাহী গাড়িটি মাদরাসা মাঠে পৌঁছায়। এর আগে ভোর চারটার সময় আল্লামা শাফীর মরদেহবাহী এম্বুলেন্স ঢাকা ছেড়ে যায়।

চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করার পরের তার অনুসারীদের এক পক্ষ দাবি তোলেন ঢাকায় তার জানাজা পড়ার। তবে পরিবারের পক্ষ থেকে জানানো হয় দুপুর দুইটায় তার জানাজা অনুষ্ঠিত হবে ও দাফন হবে চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায়।

পরে কওমি মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীদের দাবির মুখে তাকে রাজধানীর গেন্ডারিয়ার ফরিদাবাদ মাদরাসার মাঠে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রায় ৫ ঘণ্টা রাখা হয়। সেসময় হাজারো অনুসারীদের শেষবারের মতো শ্রদ্ধা জানান। পরে ভোর রাত চারটায় আইনশৃঙ্খলা বাহিনীর কড়া পাহারায় তাকে নিয়ে চট্টগ্রামের পথে রওনা দেওয়া হয়।

এদিকে হেফাজতে ইসলামের আমির শাহ আহমদ শফীর জানাজাকে ঘিরে অনভিপ্রেত পরিস্থিতি এড়াতে চট্টগ্রামের চার উপজেলায় বিজিবিসহ নিয়োগ দেয়া হচ্ছে ম্যাজিস্ট্রেট।

শুক্রবার রাতে হাটহাজারী, পটিয়া, রাঙ্গুনিয়া ও ফটিকছড়ি উপজেলায় বিজিবি মোতায়েন চেয়ে চট্টগ্রামের জেলা প্রশাসকের দায়িত্বে থাকা উপ পরিচালক (স্থানীয় সরকার) ইয়াসমিন পারভিন তিবরীজি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবরে চিঠি দিয়েছেন।

চিঠিতে হাটহাজারী উপজেলার জন্য চার প্লাটুন, বাকি তিন উপজেলার জন্য দুই প্লাটুন করে বিজিবি চাওয়া হয়েছে। এছাড়া আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীকে সহায়তার জন্য সাতজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেয়া হয়েছে অপর এক আদেশের মাধ্যমে।

এ বিষয়ে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শনিবার সকাল থেকে মাঠে বিজিবি থাকবে। হাটহাজারীতে চারজন ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন। অপর তিন উপজেলায় তিন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেয়া হয়েছে।