চট্টগ্রামে চাকরির নামে প্রতারণা; মূল হোতা গ্রেফতার

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-১৭ , ০৫:৪১ পিএম

চট্টগ্রামে চাকরির নামে প্রতারণা; মূল হোতা গ্রেফতার বিভিন্ন কৌশলে ফাঁদে ফেলে তরুণদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র

বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নাম করে প্রায় ৭০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার চক্রের মূল হোতা ইব্রাহিমকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগ। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানাধী এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ইব্রাহিমের বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে ৫ টি প্রতারনার মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ডিবি-বন্দরের উপ-পুলিশ কমিশনার এস.এম মোস্তাইন হোসেন জানান, গ্রেফতারকৃত ইব্রাহিম ২০১৫ সাল থেকে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লাসহ দেশের বিভিন্ন অঞ্চলের বেকার যুবকদের  বাংলাদেশ ব্যাংক, বন্দরসহ দেশের বিভিন্ন প্রাইভেট ব্যাংকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিতো।

তিনি বলেন, এ পর্যন্ত প্রতারক চক্রের প্রতারনার শিকার প্রায় ২০ জন ভোক্তভোগীর সন্ধান পাওয়া গেছে। একইসাথে তাদের কাছ থেকে প্রায় ৭০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। প্রতারক চক্রের আরও সদস্য রয়েছে। আমরা একজনকে গ্রেফতার করেছি। এর সঙ্গে জড়িত অন্যদের খুঁজে বের করা হবে।