শুভ মহালয়া আজ

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-১৭ , ০৯:২৬ এএম

শুভ মহালয়া আজ ছবি: সিটিজেন নিউজ

আজ শুভ মহালয়া। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসবের পূণ্যলগ্ন শুরু। এই দিনে কৈলাশ থেকে মা দুর্গা পিতৃগৃহে আগমন করবেন। দেশের বিভিন্ন মন্দিরে দেবী দুর্গার আগমনী বার্তায় হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে উৎসবের আমেজ শুরু হবে।

এ উপলক্ষে আজ ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে মহানগর সার্বজনীন পূজা কমিটি। সারাদেশের মন্দির আর পূজামণ্ডপগুলোতে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, করোনা মহামারির কারণে এবার দুর্গাপূজার বাজনা তেমন না বাজলেও স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে আগামী ২২ অক্টোবর পূজা শুরু হবে। পাঁচ দিনব্যাপী এই উৎসব শেষ হবে ২৬ অক্টোবর। দেবী দুর্গা এবার পিতৃগৃহে আসবেন দোলায়, আর ফিরে যাবেন গজে।

মহালয়া উপলক্ষে রাজধানী ঢাকাসহ সারা দেশে বিভিন্ন মন্দির ও পূজা কমিটি বিভিন্ন কর্মসূচি পালন করবে। মহানগর সর্বজনীন পূজা কমিটির উদ্যোগে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে নেওয়া হয়েছে বিভিন্ন কর্মসূচি। সকাল ৬টায় ঢাকেশ্বরী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে মহালয়ার ঘট স্থাপন, সকাল ৯টায় চণ্ডিপাঠ ও সকাল ১১টা পর্যন্ত বিশেষ পূজা। রামকৃষ্ণ মিশন ও মঠ মন্দিরেও থাকছে এমন আয়োজন।

সব অনুষ্ঠান হবে সীমিত আকারে এবং সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে।