বিক্ষোভে উত্তাল হাটহাজারী মাদ্রাসা

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৯-১৬ , ০৪:৫৯ পিএম

বিক্ষোভে উত্তাল হাটহাজারী মাদ্রাসা ছবি: সিটিজেন নিউজ

হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর ছেলে আনাস মাদানীকে মাদ্রাসা থেকে বহিষ্কারের দাবিতে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে হাটহাজারী। বুধবার  (১৬ সেপ্টেম্বর) যোহরের নামাজের পর পরই মাদ্রাসার শত শত ছাত্র মাদ্রাসা ময়দানে সমবেত হয়ে আনাস মাদানীর বিরুদ্ধে স্লোগান দিয়ে তাকে বহিষ্কারের দাবি জানাতে থাকে। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে: মাওলানা আনাস মাদানীকে অনতিবিলম্বে মাদ্রাসা থেকে বহিষ্কার করতে হবে; ছাত্রদের প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধা প্রদান ও সবধরনের হয়রানি বন্ধ করতে হবে; আল্লামা আহমদ শফী অক্ষম হওয়ায় মহাপরিচালকের পদ থেকে সম্মানজনকভাবে অব্যাহতি দিয়ে উপদেষ্টা বানাতে হবে; উস্তাদদের পূর্ণ অধিকার ও নিয়োগ-বিয়োগকে শূরার কাছে পূর্ণ ন্যস্ত করতে হবে; বিগত শূরার হক্কানি আলেমদেরকে পুনর্বহাল ও বিতর্কিত সদস্যদের পদচ্যুত করতে হবে।

আন্দোলন চলাকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আনাস মাদানীর রুমে ঢুকে ভাঙচুর চালিয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ সময় আনাস মাদানী মাদ্রাসার বাইরে ছিলেন বলে জানা গেছে।

আবু নাঈম নামে বিক্ষোভকারীদের একজন মাদ্রাসা ছাত্র জানান, আল্লামা শফী পুত্র আনাস মাদানীকে মাদ্রাসা থেকে বহিষ্কারের দাবিতে মাদ্রাসার শত শত ছাত্র এখন মাঠে নেমেছে। সাধারণ ছাত্রদের হয়রানি, মাদ্রাসাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এই আন্দোলন চলবে।