‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশকে গড়াই আ’লীগের লক্ষ্য’

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-১৬ , ০৩:৫৪ পিএম

‘ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশকে গড়াই আ’লীগের লক্ষ্য’ ছবি: সিটিজেন নিউজ

নতুন প্রজন্মের জন্য বাসযোগ্য রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে সরকার। আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সভায় এমনটাই জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি বলেন, কি করে নতুন প্রজন্ম দেশ পরিচালনা করবে, সেই প্রস্তুতিও চলছে। 

বুধবার (১৫ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সভায় এমন মন্তব্য করেন তিনি। প্রায় আট মাস পর দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম আজ বৈঠকে বসে। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য দেশকে গড়াই আওয়ামী লীগের লক্ষ্য। এজন্য এখন থেকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য দিক নির্দেশনামূলক পদক্ষেপ নেয়া হচ্ছে।

শেখ হাসিনা বলেন, করোনার পরেও সরকারের পদক্ষেপে দেশের অর্থনৈতিক অবস্থা ভালো। এই সময়েও দেশেও রেমিট্যান্স ও রিজার্ভ বেড়েছে।

সভায় করোনা সংকটকালে একমাত্র আওয়ামী লীগকে জনগণ তাদের পাশে পেয়েছে বলে সভায় মন্তব্য করেন সরকারপ্রধান। বলেন, করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে আওয়ামী লীগ। অন্য দলগুলো জনগণের পাশে না দাঁড়িয়ে শুধু লিপ সার্ভিস দিয়েছে।

সূচনা বক্তব্যে করোনাসহ অন্যান্য দুর্যোগ কালে আওয়ামী লীগ এবং সহযোগি সংগঠনের ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। 

আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারই নানা সংকটে অর্থনৈতিক ভারসাম্য ধরে রাখতে সক্ষম বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় লক্ষ্য ঠিক রেখে কাজ করতে দলের সদস্যদের প্রতি আহবান জানান আওয়ামী লীগ সভাপতি।