আদালত প্রতিবেদক
আপডেট: ২০২০-০৯-১৪ , ০২:৪৭ পিএম
ছবি: সিটিজেন নিউজ
চট্টগ্রামে এক আইনজীবীকে ইয়াবা ও অস্ত্র দিয়ে ফাঁসানোর পর ‘ক্রসফায়ারে’ হত্যাচেষ্টার অভিযোগে বোয়ালখালী থানার সাবেক ওসি হিমাংশু দাশসহ ১১ জনের বিরুদ্ধে চট্টগ্রামের একটি আদালতে মামলা দায়ের হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম মহানগর হাকিম আবু সালেম মো. নোমানের আদালতে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী আইনজীবী সমরকৃষ্ণ চৌধুরী (৬৫)।
মামলায় আসামিরা হলেন- বোয়ালখালী থানার সাবেক ওসি হিমাংশু কুমার দাস, বর্তমান সিএসআই মো. আতিক উল্যা, সাময়িক বরখাস্ত হওয়া এসআই মো. আরিফুর রহমান, সাবেক ওসি (তদন্ত) মাহবুব আলম আখন্দ, সাবেক এসআই মো. আবু বক্কর সিদ্দিকী, এসআই রিপন চাকমা, এএসআই আলাউদ্দীন, এসআই মো. দেলোয়ার হোসেন, লন্ডন প্রবাসী সঞ্জয় দাস, সঞ্জয় দাসের কেয়ারটেকার সজল দাশ গুপ্ত ও সারোয়াতলী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের চৌকিদার দিদারুল আলম।
বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী জুয়েল দাশ জানান, আদালত মামলা আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দিয়েছেন।
তিনি জানান, ভুক্তভোগী সমর চৌধুরী চট্টগ্রাম শহরে থাকলেও তার বাড়ি বোয়ালখালী উপজেলার দক্ষিণ সারোয়াতলী গ্রামে। ওই গ্রামের লন্ডনপ্রবাসী সঞ্জয় দাশের সঙ্গে তার কাকা স্বপন দাশের জমি নিয়ে বিরোধ আছে। স্বপন দাশকে আইনগত পরামর্শ ও সহযোগিতা দিয়ে আসছিলেন সমর চৌধুরী।
ওই ঘটনার জেরে ‘সঞ্জয় দাশের প্ররোচনায়’ চট্টগ্রাম রেঞ্জের তৎকালীন ডিআইজি মনির-উজ-জামানের ‘নির্দেশে’ বোয়ালখালী থানার সাবেক ওসি হিমাংশু দাশ সমর চৌধুরীকে ২০১৮ সালের ২৭ মে ইয়াবা ও অস্ত্র মামলার আসামি দেখিয়ে আটক করেন এবং ২৭ মে রাত ১টার পর থানাহাজত থেকে বের করে ‘ক্রসফায়ারে’ হত্যাচেষ্টা করা হয়।
প্রসঙ্গত, ২০১৮ সালে সারাদেশে মাদকবিরোধী অভিযানের মধ্যে সমর চৌধুরীকে ইয়াবা আটকের মামলায় গ্রেফতার দেখায় পুলিশ। এই অভিযানে কথিত বন্দুকযুদ্ধে মৃত্যু নিয়ে মানবাধিকার সংগঠনগুলো প্রশ্ন তুলে আসছে।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.