নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৯-১০ , ০৫:৪৮ পিএম
ছবি: সিটিজেন নিউজ
গাজীপুরে স্টেডিয়ামে ফুটবল খেলতে গিয়ে বজ্রাঘাতে অনূর্ধ্ব-১৬ দুই ক্রিকেট দলের সদস্য (স্কুল ছাত্র) এবং বিলে মাছ ধরতে গিয়ে একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে গাজীপুর শহীদ বরকত স্টেডিয়াম ও নগরীর বিপ্রবর্তা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলো- শহরের জোড়পুকুরপাড় এলাকার আব্দুল হাইয়ের ছেলে নগরীর গাজীপুর আইডিয়াল স্কুলের ৯ম শ্রেণির ছাত্র মিজানুর রহমান (১৬), কালীগঞ্জ উপজেলার আজমতপুর এলাকার রুহুল আমিনের ছেলে জাঙ্গালীয়া উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র নাদিম হোসেন (১৬) ও নগরীর জোলারপাড় বিপ্রবর্তা এলাকার মৃত নঈম উদ্দিনের ছেলে রিয়াজ উদ্দিন (৫৫)।
নিহত মিজানুর রহমানের সহপার্টি মনজুর জানায়, তারা শহীদ বরকত স্টেডিয়ামে অনুশীলন করতে আসেন। বৃষ্টি থাকার কারণে তাদেরকে প্রশিক্ষক (কোচ) বাড়ি চলে যেতে বলেন এবং প্রশিক্ষকও চলে যান। একপর্যায়ে বৃষ্টি শুরু হলে একটি ফুটবল নিয়ে কয়েকজন স্টেডিয়ামে ফুটবল খেলতে শুরু করে। হঠাৎ বজ্রপাতের শিকার হন ওই দুইজন। পরে তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, ওই দুই কিশোরকে মৃত অবস্থায় আনা হয়েছিল।
প্রশিক্ষক আনোয়ার হোসেন লিটন জানান, করোনার কারণে অনুশীলন বন্ধ রয়েছে। কয়েকজন বৃহস্পতিবার অনুশীলনে আসলেও তাদের বাসায় চলে যেতে বলা হয়। তিনিও বাসায় চলে যান। পরে শুনেছেন কয়েকজন বৃষ্টির মধ্যে ফুটবল খেলছিল এবং ওই দুইজন বজ্রপাতের শিকার হয়ে মারা গেছেন।
অপরদিকে বিপ্রবর্তা এলাকার নিহতের চাচাত ভাই বাবুল হোসেন জানান, সকালে বৃষ্টির সময় রিয়াজ উদ্দিন ও তার তিন ছেলে বাড়ির পাশে বিলে ধর্মজাল দিয়ে মাছ ধরতে গিয়েছিল। পরে হঠাৎ বজ্রপাতে রিয়াজ উদ্দিন মারা যায় এবং ছোট ছেলে আশাদুল ইসলাম সামান্য আহত হয়।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.