মসজিদে বিস্ফোরণ: আরও ৭ দিন সময় চাইল তদন্ত কমিটি

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৯-১০ , ০৫:০৬ পিএম

মসজিদে বিস্ফোরণ: আরও ৭ দিন সময় চাইল তদন্ত কমিটি ছবি: সিটিজেন নিউজ

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করতে আরও ৭ দিনের সময় চেয়েছে। আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) প্রতিবেদন দাখিলের কথা ছিল। কিন্তু তদন্ত কাজ শেষ না হওয়ায় আরও ৭দিনের সময় চেয়েছে তদন্ত কমিটি।

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক বলেন, তদন্ত কমিটির আবেদন গ্রহণ করে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলেছি। তবে ৭দিনের সময় বাড়ানোর আবেদন বিবেচনা করে সিদ্ধান্ত দেয়া হবে।

গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে ফতুল্লার পশ্চিম তল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে মসজিদের ভেতরে থাকা প্রায় ৫০ জনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়াহুড়ি করে বের হওয়ার চেষ্টা করেন তারা। তাদের মধ্যে দগ্ধ অবস্থায় ৩৭ জনকে উদ্ধার করে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে এখন পর্যন্ত ২৯ জনের মৃত্যু হয়েছে। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।

বিস্ফোরণে হতাহতের ঘটনায় সোমবার (৭ সেপ্টেম্বর) তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ফতুল্লা অফিসের আট কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এদিকে তিতাস গ্যাস নারায়ণগঞ্জ অঞ্চলের উপ মহাব্যবস্থাপক শফিজুল ইসলামের নেতৃত্বে পরিত্যক্ত পাইপ অপসারণের কাজ চলছে।