আবারও শুরু হচ্ছে স্প্যান বসানোর কাজ

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৯-০৭ , ০৯:১৯ এএম

আবারও শুরু হচ্ছে স্প্যান বসানোর কাজ

স্প্যান বসানোর জন্য বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন চীনা প্রকৌশলী টিম বন্যা থাকায় ছুটি কাটাতে নিজ দেশে ফিরে গেলে বন্ধ থাকে পদ্মা সেতুর স্প্যান বসানো কাজ। তবে, দীর্ঘ সময় ছুটি কাটিয়ে আজ সোমবার (৭ সেপ্টেম্বর) বিশেষজ্ঞ ওই দলটি দেশে ফেরার কথা রয়েছে। সেতুর সব স্প্যান বসে যাচ্ছে আগামী ডিসেম্বরের মধ্যে। সে লক্ষেই যাবতীয় প্রস্তুতি চলছে।

এ টিমের সাথে চীনা রাষ্ট্রীয় বীমা কোম্পানির তিন সদস্যের একটি টিমেরও আসার কথা রয়েছে। তারা গত ৩১ জুলাই থেকে পদ্মার ভাঙনে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা নিরুপণ করবেন।

রোববার (৬ সেপ্টেম্বর) পদ্মা সেতুর কাজে দায়িত্বশীল নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করে সময় সংবাদকে জানিয়েছেন, কুমারভোগ ইয়ার্ডে সেতুর বাকি ১০টি স্প্যানের মধ্যে চারটিই পুরোপুরি প্রস্তুত। আরও চারটি স্প্যানের ফিটিং সম্পন্ন হয়েছে।

এখন রং করার প্রক্রিয়ায় রয়েছে। আর বাকি দু’টি স্প্যানের এখন ওয়েল্ডিং চলছে। ‘২ই’ এবং ‘২এফ’ নম্বর এই স্প্যান দুটিও ফিটিং সম্পন্ন করে পিয়ারে (খুঁটি) বসানোর জন্য প্রস্তুত করা হবে।

আব্দুল কাদের আরও বলেন, সবশেষ স্প্যান ‘২এফ’ এর ওয়েল্ডিং শুরু হওয়ায় প্রকল্প সংশ্লিষ্টরা বেশ সন্তুষ্ট। সেতুর গুরুত্বপূর্ণ অংশ স্প্যান সম্পন্ন হওয়ার প্রক্রিয়া শুরু হওয়াই আমাদের কাছে যুগান্তকারী অগ্রগতি। ৬.১৫ কিলোমিটার দীর্ঘ সেতুটিতে ৪১টি স্প্যানের ৩১টি স্প্যান বসে গেছে। চীনে তৈরি হওয়া সেতুর সব স্প্যানই এখন প্রকল্প এলাকায় এবং চূড়ান্ত পর্যায়ে।