নারায়ণগঞ্জ ট্রাজেডি: মৃতের সংখ্যা বেড়ে ২২

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৯-০৬ , ০৮:৩৯ এএম

নারায়ণগঞ্জ ট্রাজেডি: মৃতের সংখ্যা বেড়ে ২২ ছবি: সিটিজেন নিউজ

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে দগ্ধদের মধ্যে এ পর্যন্ত ২২ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসাধীন বাকিদের অবস্থাও আশঙ্কাজনক। বেশিরভাগের শ্বাসনালীসহ শরীরের ৯০ শতাংশের বেশি পুড়ে গেছে। শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘গুরুতর বাকি দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পশ্চিম তল্লা বাইতুস সালাম জামে মসজিদে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে গুরুতর দগ্ধ ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, মসজিদে বিস্ফোরণ এসি নয়, গ্যাস লাইন থেকে ঘটেছে।

তিনি বলেন, মসজিদের নিচ দিয়ে (মেঝেতে) একটি গ্যাস পাইপ রয়েছে। আর এ পাইপের লিকেজ দিয়ে মসজিদের ভেতর গ্যাস জমা হয়। মসজিদে এসি চলার কারণে দরজা জানালা সব বন্ধ রাখা হয়। আলো বাতাস বের হতে পারে না। ফলে নির্গত গ্যাস বের হতে পারেনি। বিস্ফোরণের আগে বিদ্যুতের কোনও কিছু জালানোর সময় স্পার্কিং করে। আর সেই স্পার্কিং থেকে বিস্ফোরণ ঘটতে পারে।

এদিকে, বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসকের পক্ষ থেকে ৫, ফায়ার ব্রিগেড ৪ এবং তিতাস ১০ সদস্যের আলাদা তিনটি তদন্ত কমিটি গঠন করেছে। আজ শনিবার সকাল থেকেই এ কমিটির সদস্যরা ঘটনাস্থলে নানা দিক ক্ষতিয়ে দেখছেন।