দেশে করোনায় মৃতের সংখ্যা বাড়ছে

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৯-০৫ , ০৪:১৩ পিএম

দেশে করোনায় মৃতের সংখ্যা বাড়ছে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৪৪৭ জনে। এছাড়া নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে আরও ১ হাজার ৯৫০ জনের দেহে। এ নিয়ে দেশে মোট শনাক্ত হলো ৩ লাখ ২৩ হাজার ৫৬৫ করোনা রোগী।

শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৬৬১ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ২ লাখ ১৭ হাজার ৮৫২ জন।

এর আগে গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) দেশে আরও ১ হাজার ৯২৯ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে আরও ২৯ জনের মৃত্যু হয়।

করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ লাখ ৭৮ হাজার ৮০৮ জনের এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৬৭ লাখ ৮৫ হাজার ৪৬২ জনে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ কোটি ৮৮ লাখ ৯৫ হাজার ৪১২ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে, ১ লাখ ৯২ হাজার ১১১ জন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এ নিয়ে ৬৩ লাখ ৮৯ হাজার ৫৭ জন এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন।

আর আক্রান্ত ও মৃতের সংখ্যায় দ্বিতীয় অবস্থানে আছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪০ লাখ ৯১ হাজার ৮০১ জন। এবং এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ২৫ হাজার ৫৮৪ জন।

করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যায় তৃতীয় অবস্থানে আছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৯ হাজার ৬৩৫ জন। আক্রান্ত হয়েছেন ৪০ লাখ ২০ হাজার ২৩৯ জন।