পতেঙ্গায় তেলের ট্যাংক বিস্ফোরণে ৩জনের মৃত্যু

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-০২ , ০১:০৯ পিএম

পতেঙ্গায় তেলের ট্যাংক বিস্ফোরণে ৩জনের মৃত্যু ছবি: সিটিজেন নিউজ

চট্টগ্রামের পতেঙ্গায় কন্টেইনার ডিপোতে গাড়ি ইঞ্জিন পরিষ্কারের সময় তেলের ট্যাংক বিস্ফোরণে ৩জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩জন।  বুধবার (২ সেপ্টেম্বর) বেলা পৌনে ১২টার দিকে পতেঙ্গার লালদিয়ারচর এলাকায় ১৪ নম্বর ঘাটের কাছে ইনকনট্রেড নামের একটি বেসরকারি কনটেইনার ডিপোতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন: আরমান, মুক্তার ও নেওয়াজ। তাদের একজন গাড়িচালকের সহকারী, একজন ওয়েল্ডিং মিস্ত্রি এবং অন্যজন ওই কনটেইনার ডিপোর কর্মী।

বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আলী আকবর জানান, ডিপোর একটি তেলের ট্যাংকলরিতে ওয়েল্ডিং করার সময় বিস্ফোরণ ঘটে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছে এবং আহত হয়েছে তিনজন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

পতেঙ্গা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের সৈয়দ বলেন, ইনকনট্রেন্ড কন্টেইনার ডিপোর গ্যারেজে একটি লং ভেহিকেল গাড়ির তেলের ট্যাংক খুলে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহত হয় আরও তিনজন।