সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৯-০১ , ০৯:৩৮ এএম
ছবি: সিটিজেন নিউজ
ভারতের সাবেক রাষ্ট্রপতি এবং কংগ্রেসের বর্ষীয়ান নেতা প্রণব মুখোপাধ্যায় মারা গেছেন। সোমবার (৩১ আগস্ট) স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।
প্রণব মুখার্জির মৃত্যুতে বাংলাদেশে বুধবার (২ সেপ্টেম্বর) একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হবে। এদিন অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। সোমবার (৩১ আগস্ট) সংবাদমাধ্যমকে এ বিষয়টি জানানো হয়।
প্রবীণ এই রাজনীতিবিদ এর আগে গত ৯ আগস্ট রাতে দিল্লির বাড়িতে বাথরুমে পড়ে গুরুতর আহত হন। পর দিন সকাল থেকে তার স্নায়ুতে কিছু সমস্যা দেখা দিলে চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে এমআরআই করে দেখা গেছে মাথার ভেতর রক্ত জমাট বেঁধে রয়েছে। জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করা হলেও অবস্থার উন্নতি হয়নি। ১৩ আগস্ট থেকে তিনি গভীর কোমায় চলে যান।
২০১২ থেকে ২০১৭ সাল পর্যন্ত ভারতের রাষ্ট্রপতি ছিলেন প্রণব মুখোপাধ্যায়। সে বছর জুলাইয়ে রাষ্ট্রপতি নির্বাচনে লড়তে চাননি তিনি। বরং রাজনীতি থেকে অবসর নেন।
৫০ বছরেরও বেশি সময় সক্রিয় রাজনীতিতে থাকা প্রণব মুখোপাধ্যায়কে ২০১৯ সালে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারত রত্নে ভূষিত করা হয়। ১৯৯৭ সালে তিনি সেরা সাংসদ পুরস্কার পেয়েছিলেন। ২০০৮ সালে পদ্মবিভূষণ সম্মান পান তিনি।
প্রণব মুখার্জির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণমাধ্যমে পাঠানো পৃথক বার্তায় এ শোক জানান তাঁরা।
এক শোকবার্তায় রাষ্ট্রপতি বলেন, প্রণব মুখার্জি ছিলেন বাংলাদেশের অকৃত্রিম বন্ধু। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে প্রণব মুখার্জির ভূমিকা আমাদের বিজয়কে ত্বরান্বিত করেছিল। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে জনমত তৈরিতে তার ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা।
তিনি বলেন, প্রণব মুখার্জির মৃত্যুতে উপমহাদেশের রাজনীতিতে এক অপূরণীয় ক্ষতি হল।রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বিদেহী আত্মার শান্তি কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে একজন রাজনীতিবিদ ও আমাদের পরম সুহৃদ হিসেবে প্রণব মুখার্জির অনন্য অবদান কখনও বিস্মৃত হবার নয়। আমি সব সময় মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করি।
Editor-in-Chief : Roman Sheikh
Telephone : +88 02-3333 98 040
Mobile : +88 017 111 43 818
Email Address :
news@nagorikpatrika.com.bd
editor@nagorikpatrika.com.bd
roman.nagorikpatrika@gmail.com
Address
Naya Nagar, Word-1, (KCC-Kotwali)
Uttara-12, Dhaka, Bangladesh.