ওসি প্রদীপসহ ৪১ জনের বিরুদ্ধে ৩ জনকে হত্যার অভিযোগে মামলা

 কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৮-৩১ , ০৮:০৩ পিএম

ওসি প্রদীপসহ ৪১ জনের বিরুদ্ধে ৩ জনকে হত্যার অভিযোগে মামলা

কক্সবাজারের টেকনাফের বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশসহ ৪১ জনের বিরুদ্ধে এবার তিনজনকে হত্যার অভিযোগে আদালতে আরও একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৩১ আগস্ট) দুপুরে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. হেলাল উদ্দীনের আদালতে মামলাটি করেন টেকনাফের রঙ্গিখালীর বাসিন্দা সুলতানা রাবিয়া মুন্নী। এ মামলায় অভিযুক্ত ৪১ জনের মধ্যে ৩৫ জন পুলিশ সদস্য।

মামলার বাদীপক্ষের আইনজীবী কাশেম আলী জানান, আদালত অভিযোগ আমলে নিয়ে এ ঘটনায় অন্য কোনো মামলা ও তদন্ত হয়েছে কি-না তা জানাতে টেকনাফ থানাকে নির্দেশ দিয়েছেন।

মামলার বাদীর অভিযোগ, গত ৬ মে রাত ২টার দিকে তার স্বামী সৈয়দ আলম, ভাই নুরুল আলম ও নিকটাত্মীয় (ভাগনে) সৈয়দ হোছন আব্দুল মোনাফকে বাড়ি থেকে ধরে নিয়ে যায় পুলিশ। পরে ওসি প্রদীপ ও এসআই মশিউর তাদের পরিবারের কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। ওই টাকা না পেয়ে তাদের হত্যা করা হয়।