ডাকাত ভেবে সিনহাকে গুলি করেন লিয়াকত

 কক্সবাজার প্রতিনিধি
আপডেট: ২০২০-০৮-৩১ , ১২:১২ পিএম

ডাকাত ভেবে সিনহাকে গুলি করেন লিয়াকত ছবি: সিটিজেন নিউজ

ডাকাত মনে করে চেকপোস্টে সাবেক মেজর সিনহাদের গাড়ির গতিরোধ করা হয়। এরপর তার গুলিতেই মেজর সিনহা নিহত হন বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন টেকনাফের বাহারছড়া পুলিশ ফাঁড়ির সাবেক ইনচার্জ লিয়াকত আলী। রোববার (৩০ আগস্ট) বেলা ১২টার দিকে কক্সবাজারের ম্যাজিস্ট্রেট আদালতে তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়েছে।

সূত্র জানিয়েছে,  স্থানীয় কয়েকজন ব্যক্তি লিয়াকতকে ফোন করে জানিয়েছেন যে, সেনাবাহিনীর পোশাক পরা ওই ব্যক্তি (সিনহা) ডাকাত দলের সদস্য। তার (সিনহার) হাতে আগ্নেয়াস্ত্র আছে। একথা বিশ্বাস করেই ডাকাত ধরতে চেকপোস্টে অবস্থান নেন লিয়াকত। এবং তার করা গুলিতে সিনহা নিহত হয়েছে বলে স্বীকার করেছেন তিনি।

এদিন তৃতীয় দফায় তিন দিনের রিমান্ডে থাকা অবস্থায় লিয়াকতকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আদালতে নেয়া হয়।

সিনহা হত্যা মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, ‘তিনি (এসআই লিয়াকত) আমাদের কাছে তার দোষ স্বীকার করেছেন।

এর আগে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এপিবিএনের তিন সদস্য এসআই মো. শাহজাহান, কনস্টেবল মো. রাজীব ও মো. আব্দুল্লাহ।

একই মামলায় টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশ ও এসআই নন্দদুলাল রক্ষিত রিমান্ডে আছেন। গত শুক্রবার (২৮ আগস্ট) তৃতীয় দফায় তাদের তিন দিনের রিমান্ডে নেয় মামলার তদন্তকারী সংস্থা র‍্যাব।