দেশে পৌঁছেছে সি আর দত্তের মরদেহ

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-৩১ , ০৯:৫৬ এএম

দেশে পৌঁছেছে সি আর দত্তের মরদেহ ছবি: সিটিজেন নিউজ

মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সি আর দত্ত বীর উত্তমের মরদেহ দেশে পৌঁছেছে।  সোমবার (৩১ আগস্ট) সকাল ৮টা ৪৮ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে তার মরদেহ আনা হয়।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বজন ও বিশিষ্টজনেরা সি আর দত্তের মরদেহ গ্রহণ করবেন।

এরপর বিমানবন্দর থেকে তার মরদেহ সিএমএইচের মরচ্যুয়ারিতে নেয়া হবে।  আগামীকাল মঙ্গলবার তার মরদেহ ডিওএইচএসের বাসায় নেয়া হবে।  এরপর সকাল ৭টায় ঢাকেশ্বরী মন্দিরে নেয়া হবে শ্রদ্ধা জানানোর জন্য।

দেশের বিভিন্ন সংগঠন ও রাজনৈতিক দল সেখানে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করবে।  তাকে দেয়া হবে গার্ড অব অনার।  সেখানে ঘণ্টা দুয়েক রাখার পর রাজধানীর বাসাবো-সবুজবাগ এলাকার শ্রী শ্রী বরদেশ্বরী কালীমাতা মন্দিরে নেয়া হবে শেষকৃত্যের জন্য।