চকরিয়ায় কাভার্ডভ্যান চাপায় ২জন নিহত

 নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২০২০-০৮-৩০ , ০২:৫৪ পিএম

চকরিয়ায় কাভার্ডভ্যান চাপায় ২জন নিহত ছবি: সিটিজেন নিউজ

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কাভার্ডভ্যানের চাপায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় আরও এক যুবক আহত হন। রোববার (৩০ আগস্ট)  দুপুর দেড়টার দিকে চকরিয়া মহাসড়কের জিদ্দাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, চকরিয়া উপজেলা হারবাং ইউনিয়নের ৭নং ওয়ার্ডের অলিপুর গ্রামের মোহাম্মদ বশিরের ছেলে আমজাদ হোসেন রিফাত (২২) ও একই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আব্দুল হাকিমের ছেলে মোহাম্মদ তারেক (২২)। নিহতদের লাশ চকরিয়া উপজেলা সদর হাসপাতালে রাখা হয়েছে। নিহত দু’জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে।

আহত মোটরসাইকেল আরোহী হলো, হারবাং ইউনিয়নের আব্দুল হাকিমের ছেলে তানজিলুর রহমান (১৯)। গুরতর আহত তানজিলুরকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত তানজিল চট্টগ্রামের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল ইন্জিনিয়ারিং এর শিক্ষার্থী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিংগা হাইওয়ে পুলিশ ফাঁড়ির (আইসি) ইনসপেক্টর মো.আনিসুর রহমান বলেন, রোববার দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম থেকে মাল বোঝাই কাভার্ডভ্যান কক্সবাজার যাচ্ছিলো। বিপরীত দিক থেকে তিনজন আরোহী নিয়ে একটি মোটরসাইকেল চিরিংগা স্টেশন থেকে হারবাংরে দিকে যাচ্ছিলো। পথিমধ্যে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের জিদ্দাবাজার এলাকায় মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

তিনি আরও বলেন, এ সময় মোটরসাইকেলটি কাভার্ডভ্যানের নিচে ঢুকে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের নিকটস্থ চকরিয়া উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাত ও তারেককে মৃত ঘোষণা করেন। অপর আহত তানজিমুলকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কাভার্ডভ্যান ও মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।