সাবরিনার বিরুদ্ধে মামলা করবে ইসি

 আদালত প্রতিবেদক
আপডেট: ২০২০-০৮-২৭ , ০৮:০৭ পিএম

সাবরিনার বিরুদ্ধে মামলা করবে ইসি ছবি: সিটিজেন নিউজ

জেকেজি হেলথ কেয়ারের সাবেক চেয়ারম্যান ডা. সাবরিনা চৌধুরী মিথ্যা তথ্য দিয়ে দুইবার ভোটার হওয়া এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংগ্রহ করায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ইসি সচিব মো. আলমগীর।

সাবরিনা মিথ্যা তথ্য দিয়ে নিজের নামে দুটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিয়েছেন বলে জানতে পেরেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুটি আইডিতে বয়সের পার্থক্যও দেখানো হয়েছে। বর্তমানে তার দুটি এনআইডিই সক্রিয়। 

দুর্নীতি দমন কমিশন বিষয়টি টের পাওয়ার পর বিস্তারিত জানতে ইসির কাছে তথ্য দিয়েছে। ইসি বিষয়টি তদন্ত করছে।

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর বলেন, এনআইডি অনুবিভাগের মহাপরিচালককে মামলা করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া সাবরিনার দ্বিতীয় এনআইডিটি ব্লক করে দেওয়া হয়েছে।

ইসি সচিব জানান, কোন প্রক্রিয়ায়, কার সুপারিশে তিনি দ্বিতীয়বার ভোটার হয়েছেন, আমাদের কেউ কোন অসৎ উদ্দেশ্যে সহায়তা করেছেন কি-না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

ভোটার তালিকা আইন-২০০৯ অনুযায়ী, দ্বৈত ভোটার হওয়া বা চেষ্টার বিষয়টিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। এক্ষেত্রে অন্তত দুই বছর জেল ও জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

মো. আলমগীর বলেন, আমরা এরইমধ্যে দুদকের চিঠি পেয়েছি। জাতীয় পরিচয়পত্রের বিষয়টি দেখে কমিশনের জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ। আমরা সেই বিভাগকে চিঠির বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে বলেছি। তারা প্রতিবেদন জমা দেবে। পরবর্তীতে এ বিষয়ে আমরা বিস্তারিত জানাতে পারবো। এর আগে কিছু বলা যাচ্ছে না। দ্বৈত ভোটারের বিষয়টি প্রমাণিত হলে এবং এর সঙ্গে কোনো কর্মকর্তা-কর্মচারীর সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এনআইডি অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলাম বলেন, এরইমধ্যে মৌখিকভাবে নির্দেশনা সংশ্লিষ্ট থানা নির্বাচন কর্মকর্তাকে দেয়া হয়েছে। এরপরও আমরা একটা চিঠি দিচ্ছি মোহাম্মদপুর থানায় মামলা করার জন্য।