২০২১ সালে শতভাগ বিদ্যুতায়িত হবে দেশ: প্রধানমন্ত্রী

 সিটিজেন নিউজ ডেস্ক
আপডেট: ২০২০-০৮-২৭ , ১১:৫৫ এএম

২০২১ সালে শতভাগ বিদ্যুতায়িত হবে দেশ: প্রধানমন্ত্রী ছবি: সিটিজেন নিউজ

‘দেশে বিদ্যুৎ উৎপাদনের খরচ অনেক বেশি। তবুও ২০২১ সালের মধ্যে পুরো দেশ শতভাগ বিদ্যুতায়িত হবে। জনগণের স্বার্থে সরকার এ খাতে ভর্তুকি দিয়ে যাচ্ছে। তাই বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে হবে।’

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন বিদ্যুৎ উন্নয়ন প্রকল্প উদ্বোধনের পাশাপাশি ৩১টি উপজেলা শতভাগ বিদ্যুতায়ন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে নির্দিষ্ট কোন এলাকা নয়; দেশব্যাপী সুষম উন্নয়ন করে যাচ্ছে। তারই ধারবাহিকতা গ্রামের মানুষের কাছে শহরের সকল সুযোগ-সুবিধা পৌঁছে দেয়া হবে বলেও জানান শেখ হাসিনা।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসস জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে দুটি পাওয়ার প্ল্যান্ট উদ্বোধন করলেন সেগুলো হচ্ছে, কনফিডেন্স পাওয়ার বগুড়া-১ লিমিটেডের ১১০ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট এবং নোয়াখালীর এইচ এফ পাওয়ার লিমিটেডের ১১৩ মেগাওয়াট পাওয়ার প্ল্যান্ট।

প্রধানমন্ত্রী জাতীয় বিদ্যুৎ সঞ্চালন নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের আওতায় মহাস্থানগড় ১৩২/৩৩ কেভি, রাজশাহী (উত্তর) ১৩২/৩ কেভি, চৌদ্দগ্রাম ১৩২/৩৩ কেভি, ভালুকা ১৩২/৩ কেভি, বেনাপোল ১৩২/৩৩ কেভি ও শেরপুর ১৩২/৩৩ কেভি সাবস্টেশন উদ্বোধন করেন।

পাশাপাশি, তিনি ৪০০.২৩০/১৩২ কেভি গ্রিড নেটওয়ার্ক উন্নয়ন প্রকল্পের আওতায় শ্যামপুর ২৩০/১৩২ কেভি সাবস্টেশন, পল্লী বিদ্যুতায়ন প্রকল্পের আওতায় গ্রিড সাবস্টেশন এবং সঞ্চালন জোরদারকরণ প্রকল্পের আওতায় শেরপুর ১৩২/৩৩ ও কুড়িগ্রাম ১৩২/৩৩ এবং গ্রিড সাবস্টেশন কনস্ট্রাকশন প্রকল্পের রাজেন্দ্রপুর ১৩২/৩৩ জিআইএস প্রকল্পের আওতায় রাজেন্দ্রপুর ১৩২-৩৩ সাব-স্টেশন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করেন।

এছাড়া প্রধানমন্ত্রী যে ছয়টি সঞ্চালন লাইন উদ্বোধন করেন সেগুলো হলো−পটুয়াখালী (পায়রা)-গোপালগঞ্জ ৪০০ কেভি সঞ্চালন লাইন, যশোর-বেনাপোল ১৩২ কেভি সঞ্চালন লাইন, শরীয়তপুর-মাদারীপুর ১৩২ সঞ্চালন লাইন, তিস্তা-কুড়িগ্রাম ১৩২ সঞ্চালন লাইন, মাগুরা-মাগুরা নড়াইল ১৩২ সঞ্চালন লাইন এবং পটুয়াখালী-পায়রা ২৩০ সঞ্চালন লাইন।

শতভাগ বিদ্যুতায়িত উপজেলাগুলো হচ্ছে- ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর, সরাইল, আশুগঞ্জ, চাঁদপুর জেলার ফরিদগঞ্জ ও কচুয়া, কুমিল্লা জেলার বরুড়া ও মুরাদগঞ্জ, ফরিদপুর জেলার ভাঙ্গা ও বোয়ালমারী, গাইবান্ধা জেলার সাদুল্লাপুর এবং ঝিনাইদাহ জেলার সদর উপজেলা। মানিকগঞ্জ জেলার মানিকগঞ্জ সদর, দৌলতপুর, সিঙ্গাইর, ও শিবালয়, মৌলভীবাজার জেলার রাজনগর, নওগাঁ জেলার মান্দা, ধামরহাট, সাপাহার, নীলফামারি জেলার ডোমার, নোয়াখালী জেলার বেগমগঞ্জ, পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ, রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর ও বালিয়াকান্দি, রাজশাহী জেলার বাঘমারা, সাতক্ষীরা জেলার সাতক্ষীরা, সিলেট জেলার জকিগঞ্জ এবং মাদারীপুর জেলার কালকিনি উপজেলা।

প্রধানমন্ত্রী এর আগে ২৫৭টি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন উদ্বোধন করেছেন। আজ ৩১টি উপজেলা উদ্বোধনের পর মোট ২৮৮টি উপজেলা শতভাগ বিদ্যুতায়নের আওতায় এলো। দেশের ৯৭ শতাংশ মানুষ বিদ্যুৎ সুবিধা ভোগ করবে।